সিরিয়ার বিদ্রোহীদের হুমকি 'অবমাননাকর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় শান্তি আলোচনার বিরুদ্ধে বিদ্রোহীদের দেওয়া হুমকিকে ‘চরম অবমাননা’ হিসেবে অভিহিত করেছে রাশিয়া।
সিরিয়ার সরকার ও বিরোধীদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। কিন্তু ওই আলোচনায় যাঁরা অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে হুমকি দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা।
ওই হুমকিতে মর্মাহত রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল সোমবার বলেন, এটা খুবই নির্মম, সিরিয়ায় লড়াইরত কিছু চরমপন্থী ও সন্ত্রাসী সংগঠন এখন হুমকি দেওয়া শুরু করেছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র জেনেভায় যে শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে, তাতে বাধা দিতে তারা সরাসরি হুমকি দিয়েছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটাতে লড়াই করছে এমন ১৯টি ইসলামপন্থী সংগঠন গত রোববার একটি যৌথ বিবৃতি দেয়। এতে বলা হয়, জেনেভায় প্রস্তাবিত ওই সম্মেলন আমাদের জনগণ বা আমাদের বিপ্লবের পক্ষে নয়। যাঁরা ওই সম্মেলনে যোগ দেবেন, তাঁদের রাষ্ট্রদ্রোহী ও বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়, এর শাস্তি তাঁদের পেতে হবে।
গত মে মাসে জেনেভায় ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে বারবার তা পেছানো হচ্ছে। সিরিয়া বা কোনো কোনো আরব দেশের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আগামী মাসে ওই সম্মেলন হতে পারে। এএফপি।