সিরিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুমকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে কড়া প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সিরিয়া পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার ফোনে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ক্যামেরনের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আলামত ক্রমশ জোরালো হয়ে ওঠায় উভয় নেতা গভীরভাবে উদ্বিগ্ন।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ২১ আগস্ট বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে বাশারবিরোধীরা। ওই হামলায় শিশুসহ অন্তত এক হাজার মানুষ মারা গেছে বলে দাবি করা হচ্ছে।
সিরীয় সরকার দাবি করেছে, বিদ্রোহী যোদ্ধারাই দামেস্কের কাছে ওই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
চিকিত্সকদের আন্তর্জাতিক সংগঠন মেডিসিন সান ফ্রন্টিয়ার্স (এমএসএফ) দাবি করেছে, সিরিয়ায় তারা যেসব হাসপাতালের সঙ্গে কাজ করে, সেখানে নিউরোটক্সিক লক্ষণযুক্ত তিন হাজার ৬০০ মানুষের চিকিত্সা করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩৫৫ জন।
ওই ঘটনা তদন্তে দামেস্কের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের জন্য জাতিসংঘের তদন্ত দলকে প্রবেশের অনুমতি দিতে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
প্রেসিডেন্ট বাশার জাতিসংঘকে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন বলে ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের তাত্পর্যপূর্ণ ব্যবহারের প্রমাণ মিললে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে গুরুতর প্রতিক্রিয়া আসতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সব কটি বিকল্পের ভালো-মন্দ বিচার করে দেখছে।
সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে চাপ বাড়ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানান, সিরিয়ায় সামরিক ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শনিবার সিরিয়া প্রসঙ্গে করণীয় নিয়ে তাঁর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।