সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার মার্কিন অভিযোগ অর্থহীন: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতিন বলছেন, সিরিয়া বিষয়ে দাবি সত্যি হলে যুক্তরাষ্ট্রের উচিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রমাণাদি পেশ করা। ছবি: রয়টার্স
পুতিন বলছেন, সিরিয়া বিষয়ে দাবি সত্যি হলে যুক্তরাষ্ট্রের উচিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রমাণাদি পেশ করা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ এনেছে, সেটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শনিবার ‘পুরোই অর্থহীন’ বলে অভিহিত করেছেন। তিনি একই সঙ্গে যুক্তরাজ্যের ভূমিকা নিয়েও হাস্যরস করেছেন।
বিবিসি বলছে, পুতিন ওয়াশিংটনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, দাবি সত্যি হলে যুক্তরাষ্ট্রের উচিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রমাণাদি পেশ করা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির গোয়েন্দাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সিরিয়ায় সামরিক হামলা চালানোর যে ঘোষণা দিয়েছেন, সেটির পরিপ্রেক্ষিতে পুতিন আজ এ ঘোষণা দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
পুতিন এমন দিনে তাঁর এ ঘোষণা দিলেন, যখন সিরিয়াতে কর্মরত জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শকেরা তাঁদের নমুনা সংগ্রহের কাজ শেষ করেছেন।
বিবিসি জানায়, জাতিসংঘের অস্ত্র পরিদর্শকেরা আজ শনিবার তাঁদের চার দিনের কাজ শেষ করে সীমান্ত পেরিয়ে লেবাননে চলে যান। ২১ আগস্টে সিরিয়ার বহু মানুষের মৃত্যুর কারণ রাসায়নিক অস্ত্র নাকি অন্য কিছু, সেটি তদন্ত করে দেখা ছিল এ দলটির কাজ। তবে সরকার নাকি বিদ্রোহী জোট, কারা এ হামলার জন্য দায়ী, তা জানাতে পারবে না এ দলটি।

২১ আগস্ট সকাল থেকে সরকারবিরোধী জোট ও এর পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি করে আসছে, বিষাক্ত স্নায়ুবিনাশী রাসায়নিক প্রয়োগ করে শত শত মানুষ হত্যার জন্য দায়ী সিরিয়ার সরকার ও সেনাবাহিনী।

তবে সরকার বলছে, যুক্তরাষ্ট্রের দাবি ‘মিথ্যার ফুলঝুড়ি’ ছাড়া আর কিছুই নয়, কারণ হামলার জন্য দায়ী বিদ্রোহীরা।

বিবিসি বলছে, রাশিয়ার দূরপ্রাচ্যের নগর ভ্লাদিভস্টকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পুতিন বলেন, সিরিয়ায় হামলা চালানোর আগে শান্তিতে নোবেলজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার এটা চিন্তা করা উচিত যে, সিরিয়ার যুদ্ধে যে মানুষগুলো ভুক্তভোগী হবে, তাদের ভবিষ্যত্ কী?

পুতিন বলেন, ২১ আগস্টের হামলার জন্য সিরীয় সরকার দায়ী—এমনটা বলা এক মশকরা। তিনি বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী আক্রমণাত্মক অবস্থায় আছে এবং অনেক স্থানে তারা বিদ্রোহীদের ঘেরাও করে ফেলেছে।’

পুতিন বলেন, ‘এ রকম একটি অবস্থায় যারা চাইছে সিরিয়ায় ভিনদেশিরা হামলা চালাক, তাদের হাতে একটি তুরুপের তাস তুলে দেওয়া পুরোই অর্থহীন।’

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্টে সিরিয়া আক্রমণ বিষয়ে ভোটাভুটির ফলাফলে পুতিন আজ বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে কি, আমার কাছে এটি ছিল অপ্রত্যাশিত।...অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রধান ভূরাজনৈতিক মিত্র হওয়ার পরও যুক্তরাজ্যে এমন মানুষও আছেন যাঁরা রাষ্ট্রীয় স্বার্থ, কাণ্ডজ্ঞান ও সার্বভৌমত্বের মূলবোধের চেতনা ধারণ করেন।’

গত বৃহস্পতিবার ব্রিটেনের পার্লামেন্টের ভোটাভুটিতে যুদ্ধে না জড়ানোর পক্ষে অধিকাংশ ভোট পড়েছে।

সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রান্স সরকার। কিন্তু দেশটির এক জনমত যাচাই বলছে, শতকরা ৬৪ জন মানুষ চায় না ফ্রান্স সরকার সিরিয়া বিষয়ে কোনো ঝামেলায় জড়াক। তবে ফরাসি সরকারের জন্য আশার ব্যাপার হলো, কোনো দেশে হামলা চালাতে হলো যুক্তরাষ্ট্রের মতো ফ্রান্সের সরকারকেও জনগণের বা পার্লামেন্টের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না।