সিরিয়ার ব্যাপারে মার্কিন অবস্থান পুনর্বিবেচনা হচ্ছে
সিরিয়ার বিদ্রোহীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান নতুন করে বিবেচনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। কয়েক মাস আগে ওবামার জাতীয় নিরাপত্তাবিষয়ক চারজন কর্মকর্তা সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউস তা নাকচ করে দেয়। তবে মানবিক সহায়তা হিসেবে বিদ্রোহীদের সাড়ে ৩৬ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের প্রস্তাব নাকচ করার পর কয়েক মাস কেটে গেছে। এই সময়ের মধ্যে সিরিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগ নতুন করে সাজিয়েছেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, তা আলোচনায় এসেছে।মার্কিন প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, ‘সিরিয়ার বিদ্রোহীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। আমরা আগের অবস্থান পুনর্বিবেচনা করতে পারি।’মার্কিন কর্মকর্তারা বলেন, বিদ্রোহীদের ব্যাপারে ওবামার অবস্থান গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের সিদ্ধান্ত। তখন বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার বিপক্ষে ওবামার যুক্তি ছিল। তাঁর আশঙ্কা ছিল, মার্কিন অস্ত্র অবিশ্বস্ত হাতে চলে যেতে পারে। সেই অস্ত্র সিরিয়ার বেসামরিক জনগণ, ইসরায়েল বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে ব্যবহূত হতে পারে। তবে এখন সিরিয়ার ব্যাপারে নতুন করে ভাবছেন ওবামা।সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হতে পারে—এমন ইঙ্গিত মিলেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম মিত্র রাশিয়ার সঙ্গে সম্প্রতি সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। তাতে ওয়াশিংটন ও মস্কো মিলে সিরিয়ার ব্যাপারে কী করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে। এর অংশ হিসেবে গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টেলিফোনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় রাজনৈতিকভাবে ক্ষমতা পরিবর্তনের বিষয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আবারও তাঁরা কথা বলার চেষ্টা করবেন।মার্কিন জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেঞ্জামিন জে. রোডস বলেন, ‘আমরা সিরিয়াবিষয়ক আমাদের নীতির সব দিক খতিয়ে দেখছি। আমরা কী করতে পারি এবং সিরিয়ার বিদ্রোহীদের জন্য কী সরবরাহ করা উচিত, তা-ও ভাবা হচ্ছে।’সিরীয় শরণার্থী সাড়ে আট লাখ: জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, সহিংসতার কারণের সিরিয়া ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা এখন সাড়ে আট লাখ।সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ গতকাল মঙ্গলবার জানান, ১৭ ফেব্রুয়ারি সিরীয় শরণার্থীর সংখ্যা সাড়ে আট লাখে পৌঁছেছে। শরণার্থী হিসেবে নিবন্ধন করা এবং নিবন্ধন প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের হিসাব করে এই তথ্য পাওয়া গেছে।জাতিসংঘের তথ্যমতে, এই শরণার্থীদের বেশির ভাগই লেবানন, জর্ডান, তুরস্ক ও ইরাকে অবস্থান নিয়েছে। সহিংসতার কারণে দেশটির অন্তত ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিউইয়র্ক টাইমস ও এএফপি।