সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হবে যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে সিরিয়াকে ২০১৪ সালের মাঝামাঝি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে গৃহযুদ্ধপীড়িত দেশটিতে এ কাজ হবে বেশ ঝুঁকিপূর্ণ। এটি করতে গিয়ে নানামুখী কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে।

‘হট-ডেটোনেশন’ প্রযুক্তি দিয়ে ধ্বংস করা রকেট ষ বিবিসি
‘হট-ডেটোনেশন’ প্রযুক্তি দিয়ে ধ্বংস করা রকেট ষ বিবিসি

কীভাবে কাজটি করা হবে?
রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে নানা কৌশল ব্যবহার করা হয়ে থাকে। তবে অধিকাংশ পদ্ধতিই হয় ভস্মীভূত, না হয় নিষ্ক্রিয়করণের সঙ্গে সম্পৃক্ত। রাসায়নিক দ্রব্যের বিষাক্ততা নষ্ট করতে এগুলো উচ্চতাপে পুড়িয়ে ফেলা হয় অথবা পানি এবং কস্টিক সোডার মতো একধরনের দ্রব্য ব্যবহার করে নিষ্ক্রিয় করে ফেলা হয়। বিস্ফোরকযুক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে থাকে বাড়তি ঝুঁকি। এ ক্ষেত্রে একটি সমাধান হচ্ছে, ভ্রাম্যমাণ ইউনিট ব্যবহার করা। ধ্বংসের কাজে এ ধরনের ইউনিট ব্যবহার করা গেলে অপেক্ষাকৃত দ্রুত এক স্থান থেকে অন্যত্র সরে যাওয়া যায়। এতে করে যুদ্ধপীড়িত একটি এলাকার মধ্য দিয়ে তাজা অস্ত্রশস্ত্র স্থানান্তরের বিপদ এড়ানো সম্ভব। মার্কিন সামরিক বাহিনী এ ধরনের একটি ভ্রাম্যমাণ ইউনিট তৈরি করেছে, যার নাম এক্সপ্লোসিভ ডেস্ট্রাকশন সিস্টেম (ইডিএম)। এটি বিষাক্ত গ্যাস নিষ্ক্রিয় করতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে। ২০০১ সালের পর থেকে এক হাজার ৭০০টি রাসায়নিক অস্ত্র ধ্বংসে এটি ব্যবহার করা হয়েছে। সিরিয়ায় কথিত ‘হট-ডেটোনেশন টেকনোলজি’ নামের আরেকটি পদ্ধতি ব্যবহার করা হতে পারে। এ পদ্ধতিতে রাসায়নিক অস্ত্রগুলোকে একটি চেম্বারের ভেতরে নিয়ে ৫৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি করা হয়। এ মাত্রার তাপ রাসায়নিক অস্ত্র ও এর উপাদানগুলো ধ্বংসের জন্য যথেষ্ট। সুইডিশ কোম্পানি ডায়নাসেফের তৈরি এ পদ্ধতি চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্রে রাসায়নিক অস্ত্র ধ্বংসে ব্যবহূত হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

যুদ্ধাস্ত্রের ভেতরে ভরা হয়নি, এমন রাসায়নিক অস্ত্র ধ্বংস করা অনেকটা সহজ। উচ্চতাপের মাধ্যমে রাসায়নিক গ্যাসগুলোকে কম ক্ষতিকর দ্রব্যে রূপান্তরিত করা যায়। তখন এগুলো রাসায়নিক বর্জ্যের মতো নষ্ট করা যায়। তবে পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ থাকায় রাসায়নিক অস্ত্র ভস্মীভূত করার চেয়ে নিষ্ক্রিয় করাই বেশি জনপ্রিয় পদ্ধতি। নিষ্ক্রিয় করতে রাসায়নিক অস্ত্র একটি ট্যাংকে ভরা হয়। সেখানে পানি ও কস্টিক সোডা মিশিয়ে এর বিষাক্ততা কমানো হয়। এরপর সেগুলো হয় ক্ষতিকারক বর্জ্যের মতো করে নষ্ট অথবা দ্বিতীয় একটি ট্যাংকে নিয়ে ভস্মীভূত করা হয়।

কোথায় এটা করা হবে?

রাসায়নিক অস্ত্র যেখানে আছে, সেখানেই ভ্রাম্যমাণ ইউনিট নিয়ে গিয়ে ধ্বংস করা হতে পারে। আবার বৃহৎ পরিসরে প্রক্রিয়াজাত করার জন্য অন্য কোনো স্থানে এক জায়গায় জড়োও করা হতে পারে।

রাসায়নিক অস্ত্র চুক্তি (সিডব্লিউসি) অনুযায়ী, রাসায়নিক অস্ত্র সাগরে ফেলা বা মাটির নিচে পুঁতে ফেলার সুযোগ নেই। নব্বইয়ের দশকে ইরাকে মাটির অনেক গভীরে গর্ত করে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছিল। তবে আশপাশের লোকজনের জন্য ঝুঁকি থাকায় মাটির নিচে বিস্ফোরণের  পদ্ধতি সিডব্লিউসি থেকে বাদ দেওয়া হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা পরিচালক প্যাট্রিসিয়া লিউইস মনে করেন, রাসায়নিক অস্ত্রগুলো সিরিয়া থেকে রাশিয়ার মতো কোনো দেশে নিয়ে যাওয়া উচিত। বিবিসি।