সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে জাতিসংঘ প্রস্তাবে মতৈক্য
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাবের ব্যাপারে বৃহস্পতিবার মতৈক্যে পৌঁছেছে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের জ্যেষ্ঠ কর্মকর্তারা একটি প্রস্তাবের ব্যাপারে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রস্তাবটির ওপরে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি গতকাল শুক্রবার রাতেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন কূটনীতিকেরা। প্রস্তাবটির ব্যাপারে পূর্ণাঙ্গ পরিষদ কীভাবে সাড়া দেবে এবং সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ গ্রহণ এবং তা ধ্বংস করা প্রশ্নে কতটা তাড়াতাড়ি পরিকল্পনা নেওয়া যাবে, তা নির্ভর করছে ওই ভোটাভুটির ওপরই।
জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লায়াল গ্র্যান্ট টুইটারে জানান, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যরাষ্ট্র একটি ‘বাধ্যতামূলক ও প্রয়োগযোগ্য প্রস্তাবের’ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘একটি বলিষ্ঠ বাধ্যতামূলক ও প্রয়োগযোগ্য প্রস্তাবের’ ব্যাপারে রাশিয়ার কর্মকর্তারা সম্মত হয়েছেন।
খসড়া প্রস্তাবের যে কপি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) হাতে পেয়েছে, তাতে একটি বিষয় স্পষ্ট। তা হলো: সিরিয়া যদি কথামতো তার রাসায়নিক অস্ত্র পরিত্যাগের প্রতিশ্রুতি না মেনে চলে, তবে দেশটির বিরুদ্ধে শক্তি প্রয়োগের কোনো কথা নেই খসড়া প্রস্তাবটিতে। বরং প্রস্তাবটিতে এই বলা আছে যে, সিরিয়া যদি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় বা রাসায়নিক হামলা চালায়, তবে তখন নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদের সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সাত নম্বর অনুচ্ছেদে সামরিক ও অসামরিক উভয় ব্যবস্থা গ্রহণের অনুমতি আছে। তবে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সবসময়ই তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছে।
নতুন প্রস্তাব নিয়ে যেসব বিরোধ রয়েছে, তা মিটমাটে শেষ প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরপরই প্রস্তাবটির বিষয়ে মতৈক্যে পৌঁছানোর বিষয়টি ঘোষণা করা হয়।
আরও সাতটি রাসায়নিক হামলা?: সিরিয়ায় আরও সাতটি রাসায়নিক হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল নতুন করে এসব তদন্তের কাজ শুরু করেছেন জাতিসংঘের রাসায়নিক অস্ত্রবিশেষজ্ঞরা। এর মধ্যে তাঁরা গতকাল তিনটি নতুন এলাকায় তদন্ত চালান। এ তিনটি স্থানে ২১ আগস্টের আলোচিত হামলার পর কোনো একসময় রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এপি, বিবিসি ও এএফপি।