সিরিয়ার রাসায়নিক অস্ত্র সাগরে ধ্বংস করা সম্ভব
সিরিয়ার রাসায়নিক অস্ত্র সাগরে নিরাপদে ধ্বংস করা সম্ভব বলে মত দিয়েছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করতে কাজ করা সংস্থা ওপিসিডব্লিউ।
সংস্থাটির মহাপরিচালক আহমেদ উজুমসু কাতারভিত্তিক আল-জাজিরার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এ অভিমত দিয়েছেন।
এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ৭২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ওপিসিডব্লিউ জানিয়েছে, সিরিয়ার প্রায় ৭৯৮ টন রাসায়নিক পদার্থ এবং ৭৭ লাখ লিটার নিঃসৃত তরল ধ্বংস করতে হবে।
রুশ-মার্কিন উদ্যোগে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সমঝোতা অনুযায়ী আগামী মাসের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্রভান্ডার স্থানান্তর ও ধ্বংস করতে হবে।
ওপিসিডব্লিউর মহাপরিচালক উজুমসু বলেন, রাসায়নিক অস্ত্র ধ্বংস বা পরিবহনের প্রক্রিয়ায় আন্তর্জাতিক নিয়মকানুন অনুসরণ করা হবে। এ কাজে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে। জাহাজ বা মাটিতে স্থাপন করা যেতে পারে, যুক্তরাষ্ট্রের তৈরি করা এমন কিছু রাসায়নিক অস্ত্র ধ্বংসের যন্ত্রপাতি রয়েছে।
সিরিয়ার সরকারি বাহিনী গত আগস্টে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। এরপর দেশটিতে যুক্তরাষ্ট্র শাস্তিমূলক হামলার প্রস্তুতি নেয়। তবে একপর্যায়ে কূটনীতিকে শেষ সুযোগ দিয়ে হামলা এড়াতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সমঝোতা হয়। এর অংশ হিসেবে রাসায়নিক অস্ত্র ধ্বংসের সিদ্ধান্ত হয়। তবে কোনো দেশই নিজেদের মাটিতে এসব অস্ত্র নিতে রাজি হচ্ছে না। এএফপি।