সিরিয়ার সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল জিহাদি গোষ্ঠী
জিহাদি গ্রুপগুলো দক্ষিণ সিরিয়ার একটি কৌশলগত সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে বলে গতকাল মঙ্গলবার খবর দিয়েছে একটি মানবাধিকারবিষয়ক সংগঠন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনকে দেশের ‘বৈধ প্রতিনিধি’ ঘোষণা করেছে।আর সিরিয়ার বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার মরোক্কোয় বৈঠকে বসছে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল নুসরা ফ্রন্ট ও তাদের মিত্র জিহাদি গ্রুপগুলো সোমবার দক্ষিণ সিরিয়ার শেখ সুলেইমান ঘাঁটি দখল করে নেয়। এটাকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, আলেপ্পোর সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে এটিই আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। একই সঙ্গে এ ঘটনা বিদ্রোহীদের মূলধারা ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) প্রভাব খর্ব করেছে বলেও ধরে নেওয়া হচ্ছে।ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, শেখ সুলেমান ঘাঁটি দখলের অভিযানে অংশ নেওয়া যোদ্ধাদের অনেকেই অন্য আরব দেশ ও মধ্য এশিয়া থেকে আগত।মূলধারার এফএসএর যে একমাত্র ইউনিট ওই যুদ্ধে অংশ নেয়, তার প্রধান আবু জালাল বলেন, ‘আমরা পুরো ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছি। পুরো এলাকাই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আলেপ্পোর পশ্চিম থেকে তুর্কি সীমান্ত পর্যন্ত এখন স্বাধীন। তবে সেখানে কোনো রাসায়নিক অস্ত্র বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাওয়া যায়নি।’এ ছাড়া সোমবার উত্তর দামেস্কসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর দিয়েছে অবজারভেটরি। তাদের হিসাবে, সোমবার সিরিয়াজুড়ে সহিংসতায় নিহত হয়েছে ৯৪ জন। এএফপি ও রয়টার্স।