সিরিয়া আক্রমণের বিপক্ষে বাঙালি তিন এমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি রুশনারা আলী, রূপা আশা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সিরিয়া আক্রমণের বিপক্ষে ভোট দিয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে যুক্তরাজ্য সিরিয়ায় বোমা হামলা চালাবে কি-না, তা নিয়ে গতকাল বুধবার রাতে ব্রিটিশ সংসদে ভোটাভুটি হয়।

বাঙালি তিনজনই বিরোধী দল লেবার পার্টির এমপি। লেবার পার্টির নেতা যুদ্ধবিরোধী জেরেমি করবিন সিরিয়ায় হামলার বিপক্ষে জোরালো অবস্থান নেন। কিন্তু লেবার দলের এমপিদের প্রভাবশালী একটি অংশ দলনেতা করবিনের সঙ্গে দ্বিমত পোষণ করলে সিরিয়ায় হামলার প্রশ্নে দলটিতে অন্তঃকলহ শুরু হয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে করবিন দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত না চাপিয়ে লেবার এমপিদের নিসংকোচে ভোট দেওয়ার (ফ্রি ভোট) সুযোগ করে দেন।

দলটির ২৩১ জন এমপির মধ্যে ৬৬ জন হামলার পক্ষে ভোট দেন। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ কনজারভেটিভ পার্টি হামলার সমর্থনে ৩৯৭ ভোট আদায় করে ১৭৪ ভোটের ব্যবধানে তাদের প্রস্তাব পাশ করে নেয়। হামলার বিপক্ষে মোট ভোট পড়েছে ২২৩ টি। হামলার বিপক্ষে রায় দেওয়া অন্য এমপিদের মতো বাঙালি তিন এমপিও বিশ্বাস করেন, আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা জরুরি। কিন্তু শুধুমাত্র বিমান থেকে বোমা ফেলে তাদের নির্মূল করা যাবে এমন যুক্তির সঙ্গে তাঁরা একমত নন।

ক্যামেরন আইএস নির্মূলে হামলার যে রূপরেখা তুলে ধরেছেন তা আইএস নির্মূলের চাইতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটানোর ঝুঁকি বেশি রয়েছে-এমন আশঙ্কা থেকেই তারা এই হামলা প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে যুক্তি তুলে ধরেন। ভোট পরবর্তী এক বিবৃতিতে লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রুশনারা আলী বলেন, ‘আইএস নির্মূলে যে আমরা সব পক্ষ একমত তাতে কোনো সন্দেহ নেই। সিরিয়ার গৃহযুদ্ধ ইতিমধ্যে দুই লাখ ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, আরও লাখো মানুষকে করেছে বাস্তুহারা। এই গৃহযুদ্ধের অবসান এবং জঙ্গিগোষ্ঠী আইএসকে নির্মূল করতে হলে একটি রাজনৈতিক সমাধানের প্রয়োজন। দরকার স্থলভাগে যুদ্ধ করার জন্য একটি বিশ্বাসযোগ্য সৈন্য বাহিনী। সেই সঙ্গে থাকতে হবে ব্যাপক মানবিক সাহায্য পৌঁছে দেওয়া ব্যবস্থা এবং যুদ্ধ পরবর্তী সিরিয়াকে পুনর্গঠনের বিস্তারিত পরিকল্পনা। প্রধানমন্ত্রীর হামলার প্রস্তাব কার্যকর সমাধান খুঁজতে ব্যর্থ হয়েছে এবং নিরীহ মানুষের প্রাণহানির ঝুঁকিকে আরও বাড়াবে’।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক তাঁর টুইটার বার্তায় বলেন, ‘এই মাত্র হামলার বিপক্ষে ভোট দিয়েছি। সিদ্ধান্ত যেমনটি হবে বলে আশা করেছিলাম তা হয়নি। কিন্তু নিজের বিবেকমতো ভোট দিতে পারায় গর্বিত।’ তিনি আরও জানান, সিরিয়ায় হামলা প্রশ্নে তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মোট এক হাজার ৪০৭টি বার্তা পেয়েছেন। যার মধ্যে এক হাজার ৩২৪ জন হামলার বিপক্ষে ভোট দিতে অনুরোধ করেছেন। বাকি ৮৩ জন অনুরোধ করেছেন হামলার পক্ষে অবস্থান নিতে। প্রসঙ্গত টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

আরেক বাঙালি এমপি লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের রূপা হক ভোটের আগেই এক টুইটার বার্তায় জানিয়ে দেন যে তিনি হামলার বিপক্ষে ভোট দেবেন। কেননা হামলা চালানোর প্রস্তাব তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। বুধবার পার্লামেন্টে দীর্ঘ ১০ ঘণ্টাব্যাপী তুমুল বিতর্ক, বাইরে শত শত মানুষের যুদ্ধ বিরোধী স্লোগানের মধ্যেই পাশ হয়েছে সিরিয়ায় হামলার প্রস্তাব। রাত ১০টায় এমপিদের ভোটাভুটির কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা শুরু করে যুক্তরাজ্য। প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আইএস নির্মূলে সিরিয়া ভূখণ্ডে বোমা হামলায় যোগ দিতে গত বৃহস্পতিবার সংসদে প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।