সিরিয়া আঞ্চলিক রণক্ষেত্রে পরিণত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। এই অবস্থা চলতে থাকলে দেশটি একসময় ‘আঞ্চলিক রণক্ষেত্রে’ পরিণত হতে পারে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবি ও সিরিয়াবিষয়ক জাতিসংঘ শান্তি দূত লাখদার ব্রাহিমি গত বৃহস্পতিবার এই আশঙ্কা প্রকাশ করেছেন। জাতিসংঘের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শুক্রবার বলেছে, দামেস্কের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে সরকারি বাহিনী। অনেক বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসিরকি বলেন, সিরিয়ায় চলমান সংঘাত নিরসনে করণীয় ঠিক করতে বান কি মুন, নাবিল আল-আরাবি ও লাখদার ব্রাহিমি বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক করেন। চলমান সংঘাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এই তিন নেতা বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে দেশটি আঞ্চলিক রণক্ষেত্রে পরিণত হবে। সিরিয়ায় সরকারি বাহিনী ও বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো মানবাধিকার লঙ্ঘন করছে। যোগ করেন নেসিরকি। তিন নেতার বরাত দিয়ে তিনি এ-ও বলেন, সিরিয়ার ভেতরে ও প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া সিরীয় নাগরিকদের জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া দরকার। এ কাজে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।সিরিয়ান অবজারভেটরির দাবি, গতকাল দামেস্কের নিকটবর্তী বারজেহ ও জুবার এলাকায় এবং রাজধানীর কাবুন এলাকার রাস্তাঘাট বন্ধ করে দেয় সরকারি নিরাপত্তা ও সেনাবাহিনী। পরে বিদ্রোহীদের খোঁজে এসব এলাকায় ঘরে ঘরে তল্লাশি চালায়। এ সময় নিরপরাধ অনেক লোককে ধরে নিয়ে গেছে সরকারি বাহিনী।সংস্থাটির হিসাব মতে, সিরিয়ায় গত মার্চে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার-আল আসাদবিরোধী লড়াইয়ে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এএফপি।