সিরিয়া ও রাশিয়ার 'যুদ্ধাপরাধ' তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আলেপ্পোয় বেসামরিক লোকজনের ওপর বোমাবর্ষণ যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে বলে যুক্তরাষ্ট্র গত শুক্রবার মন্তব্য করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, এ কারণে সিরিয়ার গৃহযুদ্ধে সেখানকার সরকারি বাহিনী এবং রাশিয়ার ভূমিকা তদন্ত করে দেখা উচিত।
সিরিয়া সংঘাত নিয়ে জাতিসংঘে আলোচনা হচ্ছে। সেখানে এ বিষয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়া জঙ্গি দমনের পাশাপাশি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে সরকারকে সহায়তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আইএসবিরোধী অভিযানের পাশাপাশি বাশারবিরোধী বিদ্রোহীদের কাউকে কাউকে সহায়তা করছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী দেশের একসময়ের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত আলেপ্পোর বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে। রাশিয়াও সেখানে বোমাবর্ষণ করছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার রুশসমর্থিত বাশার সরকারের প্রতি স্পষ্ট ক্ষোভ জানিয়েছেন। আর ফ্রান্স আলেপ্পোয় রুশ ও সিরীয় সরকারের বোমাবর্ষণ বন্ধ করার প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে গতকাল শনিবার ভোটাভুটির আহ্বান জানানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে এ প্রস্তাবে রাশিয়ার ভেটো দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। সিরিয়ায় অস্ত্রবিরতির আহ্বান এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ চেয়ে রাশিয়া নিজেও একটি খসড়া প্রস্তাব দিতে চায়। তবে তারা আলেপ্পোর ওপর বিমান হামলার ব্যাপারে সংযত হওয়ার বিষয়টি উল্লেখ করেনি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক অ্যারোর সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে জন কেরি বলেন, আসাদ এবং রাশিয়ার যুদ্ধবিমানগুলো আলেপ্পোর একাধিক হাসপাতালে উদ্দেশ্যমূলকভাবে ভয়াবহ হামলা চালিয়েছে। যারা এসব করছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যারো আরও বলেন, সিরিয়ায় অস্ত্রবিরতি এবং আলেপ্পোয় যুদ্ধবিমান ওড়ানোর ব্যাপারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি প্রস্তাবের ওপর জাতিসংঘে আলোচনায় তিনি নেতৃত্ব দেবেন।