সিরিয়া-তুরস্ক মুখোমুখি পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আকাশসীমার মধ্যে তুরস্কের বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা গত শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়। সিরিয়ার এই ঘোষণার পর তুরস্কও তার আকাশসীমায় সিরিয়ার সবধরনের বিমান নিষিদ্ধ ঘোষণা করে।প্রতিবেশী দুই দেশ তুরস্ক ও সিরিয়ার সীমান্তে গত সপ্তাহে বিক্ষিপ্ত গোলাবর্ষণ শুরু হলে পাঁচ তুর্কি নাগরিক নিহত হয়। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোলাবারুদ পরিবহনের অভিযোগ এনে মস্কো থেকে দামেস্কগামী একটি বিমানকে গত বুধবার আঙ্কারায় জরুরি অবতরণে বাধ্য করে তুরস্ক। মস্কো ও দামেস্ক এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে। সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছে তুর্কি সরকার। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে সংস্কারের আহ্বান জানিয়েছেন।তুরস্কে সিরীয় বিমান অবতরণের কয়েক দিন পর সিরিয়া সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঙ্কারার ওই উদ্যোগের পরিপ্রেক্ষিতে তুর্কি বেসামরিক বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।অবশ্য তুরস্ক এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। তবে তারা বলেছে, সামরিক সরঞ্জাম পরিবহন করছে, এমন সন্দেহ হলে তারা সিরিয়ার বেসামরিক বিমান অবতরণে বাধ্য করবে।এদিকে, সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে গতকাল রোববার প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি সরকারি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহীরা। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাজধানী দামেস্কের কাছে আল-নাবাক এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে এক নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছে।সিরীয় সেনাবাহিনী ক্লাস্টার বোমা ব্যবহার করছে: সিরিয়ার বেসামরিক এলাকাগুলোতে ক্লাস্টার বোমা ফেলা হচ্ছে বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল অভিযোগ করেছে। সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান ও হেলিকপ্টার থেকে ক্লাস্টার বোমা ফেলা হচ্ছে। মারাত আল-নুমান, তামানিয়া, তাফতানাজ, আল-তাহ, হোমস, আলেপ্পো ও লাতাকিয়া এলাকায় গত তিন মাসের বিভিন্ন সময়ে ক্লাস্টার বোমা ফেলা হয়েছে।বিধ্বংসী ক্লাস্টার বোমার ব্যবহার শতাধিক দেশে নিষিদ্ধ রয়েছে। তবে সিরিয়া ওই দেশগুলোর অন্তর্ভুক্ত হয়নি। উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারাত আল-নুমান শহরটি কয়েক দিন ধরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকা পুনর্দখলের জন্য সরকারি বাহিনী ক্লাস্টার বোমা ফেলছে বলে এইচআরডব্লিউ অভিযোগ করেছে। ব্রাহিমি ইস্তাম্বুলে: সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘ ও আরব লিগ নিযুক্ত বিশেষ দূত লাখদার ব্রাহিমি সৌদি আরব থেকে তুরস্কের ইস্তাম্বুলে গেছেন। দামেস্ক ও আঙ্কারার মধ্যে উত্তেজনা নিরসনের চেষ্টায় তিনি ইস্তাম্বুলে যান। সেখান থেকে তাঁর তেহরানে যাওয়ার কথা। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির সঙ্গে বৈঠক করবেন। রয়টার্স, এএফপি ও বিবিসি।