সিরিয়া থেকে বৈরুত হয়ে দেশে ফিরছে ১৫০ রুশ
সিরিয়া থেকে প্রায় ১৫০ জন রুশ নাগরিককে দেশে ফিরিয়ে আনতে রাশিয়া লেবাননের বৈরুতে দুটি বিমান পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার একজন রুশ কূটনৈতিক এ কথা জানিয়েছেন। ওই কূটনৈতিক জানান, গতকাল মঙ্গলবার ও আজ বুধবার—এই দুই দিনে ওই রুশ নাগরিকদের বৈরুত থেকে বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে। তবে রাশিয়া সিরিয়া থেকে নিজেদের সব নাগরিককে দেশে ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনৈতিক বলেন, ‘সিরিয়ায় হাজার হাজার রুশ নাগরিক রয়েছে। আর রাশিয়ার কোনো বিমান দামেস্কে যাচ্ছে না। তাই আমরা ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ জন রুশকে বৈরুত থেকে দেশে ফিরতে সহায়তা দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘দামেস্কে রুশ কনস্যুলেটে গিয়ে যেসব রুশ সহায়তা চাচ্ছেন, আমরা শুধু তাঁদের সহায়তা দিচ্ছি।’কূটনৈতিক আরও জানান, সিরিয়া থেকে রুশদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়া। এ ছাড়া বেশিসংখ্যক রুশ দামেস্কের রুশ কনস্যুলেটে গিয়ে দেশে ফেরার জন্য সহায়তা চাইলে বৈরুতে আরও বিমান পাঠানোর ব্যবস্থা করা হবে। সিরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে দামেস্কের মূল সড়কটি বিদ্রোহীরা বন্ধ করে দেওয়ায় সেখানে রুশরা যেতে পারছে না। আত্মঘাতী হামলায় নিহত ৩০: লন্ডনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত সোমবার সিরিয়ার হামা প্রদেশের সালমিয়েহ নগরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত মিলিশিয়ারা অবস্থানরত একটি ভবন লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। জাতিসংঘ বলেছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিপুলসংখ্যক মানুষের জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণের প্রয়োজন দেখা দিয়েছে। তাই শিগগিরই সেখানে বড় ধরনের ত্রাণ তৎপরতা চালানো হবে। এএফপি।