সিরিয়া থেকে গত আগস্ট মাসে লক্ষাধিক মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। ২০১১ সালের মার্চে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হওয়ার পর এক মাসে দেশত্যাগকারীর সংখ্যা এটাই সর্বোচ্চ। জতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) গতকাল মঙ্গলবার এই দাবি করেছে।রেডক্রসের প্রধান পিটার মাউরের সিরিয়ায় মানবিক সাহায্য নিয়ে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠককালে ইউএনএইচসিআর এই তথ্য প্রকাশ করেছে।ইউএনএইচসিআরের মুখপাত্র বলেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এই সংখ্যাটা উদ্বেগজনক। এটা দেশটিতে আশঙ্কাজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আমরা শরণার্থীদের যথাসম্ভব সাহায্য করছি।’জাতিসংঘের দাবি, সংঘাত-বিক্ষুব্ধ আলেপ্পো নগরে সাহায্য সরবরাহ কমে যাচ্ছে। পরিস্থিতি ক্রমান্বয়েই খারাপের দিকে যাওয়ায় সেখানে সাহায্য পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গতকালও সেখানে পাঁচজন নিহত হয়েছে। এর একদিন আগে বিমান হামলায় নিহত হয় আরও অন্তত ২৫ জন।বিরোধী কর্মীরা জানান, গতকাল সকালে আলেপ্পোর দারাত ইজ্জা এলাকায় সেনাবাহিনী বোমা হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিহত এবং অনেকে আহত হয়েছে। দেশটির একজন সেনা কমান্ডার ১০ দিনের মধ্যে আলেপ্পো বিদ্রোহীদের কাছ থেকে পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন। ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রধান পিটার মাউরে সিরীয় প্রেসিডেন্ট বাশারের সঙ্গে গতকাল সকালে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। এ ছাড়া শীর্ষ আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে তিনি দামেস্কের কাছে লড়াইয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। বাশার ও পিটারের মধ্যকার বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আইসিআরসির মুখপাত্র সিসিলিয়া গোয়েন বলেন, রেডক্রস খাদ্যসহ অন্যান্য সাহায্যের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘উত্তেজনাকর ও অস্থিতিশীল পরিস্থিতি বেড়েই চলেছে। আলেপ্পো ও হোমসে সশস্ত্র লড়াই চলছে। আলেপ্পোর পুরোনো অংশে ঢোকা অসম্ভব। আমাদের দুর্ভাগ্য, যেসব স্থানে লড়াই চলছে, সেখানকার লোকজনকে আমরা সাহায্য করতে পারছি না।’ এএফপি ও বিবিসি।