সিরিয়া থেকে হাজার হাজার মানুষ লেবানন পালাচ্ছে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর গণহত্যা ও নিষ্ঠুরতা থেকে বঁাচতে দেশটির হাজার হাজার বাসিন্দা লেবাননে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। সহিংসতায় জর্জরিত হোমস নগরে গত এক মাসে সরকারি সেনারা নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে বলে সংস্থাটির মহাসচিব বান কি মুন দাবি করার পর নতুন করে এ তথ্য জানানো হলো।জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সিরিয়া থেকে গত দুই দিনেই পালিয়েছে প্রায় দুই হাজার মানুষ। প্রেসিডেন্ট বাশারবিরোধীদের শক্ত ঘঁাটি হিসেবে পরিচিত হোমসের একজন নারী বিবিসির সংবাদদাতা পল উডকে বলেন, সেনারা শুক্রবার তঁার ১২ বছরের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছে। তঁার স্বামী বলেন, তিনি ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে লুকিয়ে ছিলেন। হঠাৎই দেখেন, এক সেনা বুট দিয়ে শিশুটির মাথা চেপে ধরল ও আরেকজন গলা কেটে দিল। এ ঘটনার এক দিন আগে সেনারা হোমস থেকে বিদ্রোহীদের হটিয়ে দেয়। দীর্ঘ এক মাস ধরে তারা নগরের দখল নিতে সর্বাত্মক অভিযান চালাচ্ছিল। হতভাগ্য শিশুটির মা জানান, তঁারা যেখানে ছিলেন সেখান থেকে শিশুসহ আরও ৩৫ জনকে ধরে নিয়ে মেরে ফেলা হয়।ইউএনএইচসিআর গত সোমবার বলেছে, নারী ও শিশুসহ অসংখ্য সিরীয় উদ্বাস্তু তাদের হাতের কাছে যা পেয়েছে তা নিয়েই এরই মধ্যে লেবাননে আশ্রয় নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় শহর আরসলের অধিবাসীরা জানায়, কেবল রোববারই প্রায় দেড় শ সিরীয় পরিবার তাদের এখানে আশ্রয় নেয়। সিরিয়ার সীমান্তবর্তী শহর আল-কুসাইরে পালিয়ে আসা হাসসানা আবু ফাইরাস নামের এক বাসিন্দা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, Èবাড়িতে আমরা কোনো রকমে লুকিয়ে থাকলেও সেনারা সেখানেও ট্যাংক থেকে গোলা ছুড়ছে। এ অবস্থায় আমাদের কী করার আছে?' তিনি আরও বলেন, যারা পারছে তারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, আর যারা পারছে না, তাদের সেখানেই মরতে হচ্ছে। বিবিসি ও এএফপি।