১মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। সেখানে তিনি তুরস্কের নেতাদের সঙ্গে সিরিয়ার বর্তমান রক্তপাত বন্ধের উপায় নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয় দেশই সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী। তবে সিরিয়ার বিরোধীদের কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে দেশ দুটির মধ্যে মতদ্বৈধতা রয়েছে।পররাষ্ট্রমন্ত্রী কেরি গত বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহীদের সরাসরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই সহায়তার আওতায় খাবার ও ওষুধ-সরঞ্জাম দেওয়া হবে। কিন্তু কোনো ধরনের অস্ত্র দেওয়া হবে না। তবে বিদ্রোহীরা বলেছে, বাশারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ের জন্য অস্ত্র প্রয়োজন।তুরস্ক থেকে বিবিসির সাংবাদিক জেমস রেনল্ডস বলেন, তুরস্ক চায় যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়ার বিদ্রোহীরা জয়লাভ করুক। তাদের এই চাওয়ার অন্যতম কারণ হলো, সিরিয়ায় রক্তপাতের কারণে দেশটি ছেড়ে আসা লাখ লাখ মানুষ শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছে। এটা দেশটির কাছে বোঝা হিসেবে দেখা দিয়েছে। এ ছাড়া সিরিয়ার সঙ্গে তুরস্কের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকায় সিরিয়ার অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি তুরস্ককেই ভোগ করতে হচ্ছে বলে মনে করেন দেশটির নেতারা।সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্ক তার সীমান্ত রক্ষা ও সিরিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। গত জুনে সিরিয়া সীমান্তে সেনাও মোতায়েন করে তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান স্পষ্টভাবে সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তাঁদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন। বিদ্রোহীরা তুরস্ক থেকেই অস্ত্র সহায়তা এবং অন্য দেশ থেকে তুরস্ক হয়েই সব ধরনের সহায়তা পাচ্ছে বলে মনে করা হয়।জন কেরি বৃহস্পতিবার রোমে সিরিয়ার বিদ্রোহীদের ছয় কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আলেপ্পোয় ‘হত্যাযজ্ঞের’ অভিযোগ: সিরিয়ার সরকারবিরোধীরা অভিযোগ করেছেন, দেশটির অন্যতম শহর অলেপ্পোর একটি গ্রামে ব্যাপক ‘হত্যাযজ্ঞ’ চালিয়েছে বাশার বাহিনী। অন্তত ৭২ জনকে হত্যা করে মরদেহ আগুন দিয়ে পুড়িয়েছে। সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করে। বিবৃতিতে বলা হয়, গত সোমবার এই হত্যাযজ্ঞ চালানো হয়। নিহতদের মধ্যে ৪৯ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করে, আলেপ্পোর অদূরের ওই গ্রামে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তারা ওই হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে জাতিসংঘের তদন্ত দাবি করেছে।তবে ওই হত্যাযজ্ঞের তথ্য নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিবিসি ও এএফপি।