
সিরিয়া নিয়ে নিজেদের মধ্যে সৃষ্টি হওয়া বিভেদ কাটাতে সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল মঙ্গলবার আলোচনায় বসেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। রুশ প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের কথা তাঁর।
সিরিয়া নিয়ে আন্তর্জাতিক শান্তি-প্রক্রিয়া কতটুকু কার্যকর হবে বা দুই দেশ সেখানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে একযোগে হামলা চালাবে কি না, রুশ-মার্কিন আলোচনার ওপর তা অনেকটাই নির্ভর করছে। খবর বিবিসি ও এএফপির।
মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনায় বসার আগে জন কেরি বলেন, একটি অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে তিনি আশাবাদী।
লাভরভের সঙ্গে বৈঠকের পর কেরি আলোচনায় বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। দুই দেশের এই আলোচনার ওপর নির্ভর করছে সিরিয়া-সংক্রান্ত প্রস্তাবিত শান্তি আলোচনা আদৌ হবে কি না।
লাভরভও বৈঠকের আগে বলেন, ‘আজ আমাদের বৈঠকের পর এর ফলাফল আমরা প্রেসিডেন্ট পুতিনকে জানাব। আমার মনে হয়, আপনার (কেরি) সফর ফলপ্রসূ হবে।’
যুক্তরাষ্ট্র চায়, চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ বন্ধের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর প্রতিপক্ষ বিদ্রোহীদের সঙ্গে আলোচনার টেবিলে বসুন। আর এ জন্য বাশারের মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। বাশার প্রশ্নে দুই দেশের মধ্যে বিভেদ রয়েছে। বাশার ক্ষমতা ছেড়ে দিলে অন্তর্বর্তী সময়ে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে বিভক্তি প্রবল। যুক্তরাষ্ট্র চায়, বাশার ক্ষমতা থেকে চলে যান। আর রাশিয়া বলছে, সিরিয়ার জনগণ তাঁর ভাগ্য নির্ধারণ করুক।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশ প্রভাবশালী সৌদি আরব সিরিয়ার বিদ্রোহীদের আলোচনায় আনতে তৎপর। তারা চায় শান্তি আলোচনা শুরুর আগে সব পক্ষ যুদ্ধবিরতি নিশ্চিত করুক। সিরিয়ায় প্রবল জঙ্গি সংগঠন আইএসের তৎপরতা সীমান্ত অতিক্রম করার আগে এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থামাতে চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কেরি গতকাল বলেছেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে দুটি দেশই অভিন্ন আদর্শে বিশ্বাসী। তবে শান্তি আলোচনা ও বাশারের পরিণতি প্রশ্নে ভিন্নতা এখনো রয়ে গেছে।
গত সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া বাশার সরকারের সহায়তায় সিরিয়ায় বিমান হামলা শুরু করে। রাশিয়ার দাবি, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু আইএসসহ ‘সন্ত্রাসীদের আস্তানা’। তবে যুক্তরাষ্ট্র ও মানবাধিকারকর্মীদের অনেকেই বলছেন, এযাবৎ বেশির ভাগ ক্ষেত্রে রাশিয়ার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে পশ্চিমা-সমর্থনপুষ্ট বিদ্রোহী দলগুলো।
অন্যদিকে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা চলছে। তবে সিরিয়ার সরকারের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই চলছে সেই হামলা। এখন একটি আশার কথাই ঘুরপাক খাচ্ছে। তা হলো, যদি বাশার সরকার এবং বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে সম্মত হয়, তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা ও আরব বিশ্ব আইএসের বিরুদ্ধে জোরদার লড়াইয়ে নামতে পারে। এই প্রক্রিয়ার নিয়ন্তা এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি জাতিসংঘের সহযোগিতায় তৈরি ১৭ সদস্যের ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপেরও (আইএসএসজি) নেতৃত্বে। যুক্তরাষ্ট্র এবং সেই সঙ্গে সিরিয়া-সংক্রান্ত জাতিসংঘের রাষ্ট্রদূত স্টেফান ডি মিসটুরা চান, আগামী শুক্রবার নিউইয়র্কে আইএসএসজির পরবর্তী আলোচনা হোক।
রাশিয়া এর আগে গত সপ্তাহে রিয়াদে অনুষ্ঠিত সিরিয়ার বিরোধী রাজনৈতিক দল এবং সশস্ত্র দলগুলোর একটি আলোচনার ফলাফল প্রত্যাখ্যান করে। তাদের দাবি, ওই আলোচনা মোটেও প্রতিনিধিত্বশীল হয়নি।