সিরিয়া নিয়ে ব্রিটিশ এমপিদের সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানো বা না চালানোর বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত দেবেন যুক্তরাজ্যের এমপিরা।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এ বিষয়ে আজ ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটি হবে।

হাউস অব কমন্সে ১০ ঘণ্টাব্যাপী বিতর্কের পর ভোটাভুটির মধ্য দিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তই নির্ধারণ করবে—যুক্তরাজ্য সিরিয়ায় আইএসবিরোধী বিমান হামলায় যোগ দিচ্ছে কি না।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। সেখানে রাশিয়াও বিমান হামলা চালাচ্ছে।

ব্রিটিশ পার্লামেন্টে আজকের বিতর্ক ও ভোটাভুটির আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য আইএস একটি হুমকি। সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে বোমা হামলায় পশ্চিমা শক্তির সঙ্গে যোগ দেওয়ার এখনই সময়।

সিরিয়ায় বোমা হামলা চালানোর বিরোধিতা করছেন লেবার নেতা জেরেমি করবিন। তবে তিনি বলেন, তাঁর দলের এমপিরা এ ব্যাপারে নিঃসংকোচে ভোট দিতে পারবেন।

লেবার দলের অন্তত ৫০ জন এমপি সরকারকে সমর্থন দিতে পারেন। এ ছাড়া ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটসও সরকারকে সমর্থন দিতে যাচ্ছে।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়ে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী ক্যামেরন।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বোমা হামলা চালানোর অনুমোদন চেয়ে গত সপ্তাহে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন ক্যামেরন। এরপর প্রস্তাবের পক্ষে-বিপক্ষে জোরালো বিতর্ক শুরু হয়।