সিরিয়া নিয়ে সতর্ক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে। সিরিয়ায় সহিংসতা ও রক্তপাত আরও বাড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন সিরিয়ার ক্ষেত্রে তাদের অবস্থানের বিষয়টি পুনর্বিবেচনা করছে। তারা কী অবস্থান নেবে, তা এখনো অস্পষ্ট। তবে এ ক্ষেত্রে প্রেসিডেন্ট বারাক ওবামাকে বেশ সতর্ক বলে মনে হচ্ছে।আসাদবিরোধী নেতারাসহ যাঁরা দেশটিতে মার্কিন বড় ধরনের সম্পৃক্ততা আশা করছেন, তাঁদের মতে, এখন ওয়াশিংটন সিরিয়ার বিদ্রোহীদের পুরোপুরি সমর্থন দিতে পারে। এমনকি বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ায় সীমিত সামরিক হামলা চালানোর মতো সময়ও এসেছে যুক্তরাষ্ট্রের। এই পক্ষের মতে, মার্কিন নির্বাচনের চাপ শেষ হয়েছে। তাই যুক্তরাষ্ট্র লিবিয়ার মতো করে সিরিয়ার ক্ষেত্রেও তাদের সম্পৃক্ততা বাড়াতে পারে।সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ওবামা প্রশাসনের বক্তব্য হলো, সিরিয়ার ইসলামপন্থীদের উত্থানের প্রমাণ তাদের হাতে এসেছে। সেখানে বিভিন্ন উপগোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে রক্তপাত শুরু করেছে। এ ছাড়া বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও উঠছে। তাই বিদ্রোহীদের সমর্থন দেওয়ার ক্ষেত্রে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের বিপক্ষে মত হলো, এর ফলে দেশটিতে রক্তপাত আরও তীব্র হচ্ছে। আর এই তীব্রতার ঢেউ ছড়িয়ে পড়ছে লেবানন, তুরস্ক, ইরাক ও জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোতে। এ ছাড়া কয়েক দিন আগেই ইসরায়েল ও সিরিয়ার মধ্যে গোলাবিনিময় হয়েছে। এর আগে তুরস্কের সঙ্গে সিরিয়ার গোলাবিনিময়ের ঘটনা ঘটে। সিরিয়ার একটি যাত্রীবাহী বিমান জোর করে অবতরণেও বাধ্য করে তুরস্ক। সিরিয়ার পরিস্থিতি ধীরে ধীরে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন অনেকে।এসব বিষয় যুক্তরাষ্ট্রও বিবেচনা করছে বলে মনে হচ্ছে। তাই সিরিয়ার বিষয়ে কীভাবে সম্পৃক্ত হওয়া যায়, তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র ও আরব লিগের চাপ এবং সমর্থন নিয়ে গত রোববার সিরিয়ার বিরোধী পক্ষগুলো নতুন জোট গঠন করেছে। এই জোটের নাম দেওয়া হয়েছে দ্য ন্যাশনাল কোয়ালিশন ফর সিরিয়ান রেভল্যুশনারি অ্যান্ড অপজিশন ফোর্সেস। নতুন এই জোটের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করতে পারে তা নিয়ে পেন্টাগন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।একটি সূত্র জানায়, জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সুসান রাইসকে মার্কিন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বলে ভাবা হচ্ছে। সুসান রাইসসহ মার্কিন জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা সিরিয়ায় বিদ্রোহীদের জোরালো সমর্থন দেওয়ার পক্ষে। তবে মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো এ ক্ষেত্রে বেশ নারাজ। প্রেসিডেন্ট ওবামাও নতুন করে কোনো দেশে হামলায় অংশ নেওয়ার ব্যাপারে কিছুটা অনীহা প্রকাশ করছেন।কোনো কোনো বিশ্লেষকের মতে, সিরিয়ার বিদ্রোহীদের পুরোপুরি সমর্থন দেওয়ার ক্ষেত্রে ওবামাকে প্রেসিডেন্ট বাশার-আল আসাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার বিষয়টিও ভাবতে হবে। এদিকে যুক্তরাজ্যও সিরিয়া নিয়ে তাদের অবস্থানের বিষয়টি পুনর্বিবেচনা করছে। তাই সব মিলিয়ে ওবামাকে বেশ সতর্ক হয়েই সিরিয়ার বিষয়ে তাঁর অবস্থান নিতে হবে। ওবামা এখন সেটাই বিবেচনা করছেন।