সিরিয়া পরিকল্পনা নিয়ে জাতিসংঘে মতৈক্য

সিরিয়ার রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটির ক্ষমতাসীন সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলোচনার টেবিলে বসানোর পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অকুণ্ঠ সমর্থন পেয়েছে। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে সব সদস্য দেশ এ বিষয়ে সমর্থন দেয়।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে ১৭টি দেশের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ (আইএসএসজি) জেনেভা ও ভিয়েনা বৈঠকে গৃহীত পরিকল্পনা নিয়ে গত শুক্রবার নিউইয়র্কে আবার বৈঠক করে। সেখানে সিরিয়ার সরকার এবং বিরোধীদের যত দ্রুত সম্ভব—পারলে জানুয়ারি মাসের মধ্যেই এক টেবিলে বসানোর সিদ্ধান্ত হয়। ওই দিনই আরও পরে নিরাপত্তা পরিষদ এই পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানায়। খবর এএফপির।
পরিকল্পনামতো যুদ্ধবিরতির মাধ্যমে সিরিয়ার দুই পক্ষকে আলোচনায় আনা সম্ভব হলে দেশটিতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শক্তিগুলোর একমাত্র লক্ষ্যবস্তু হবে ইসলামিক স্টেট (আইএস)। কট্টরপন্থী সুন্নি সংগঠন আইএস সিরিয়া এবং তার প্রতিবেশী ইরাকের একটি বড় অংশ দখল করে আছে।
আলোচনার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সবার সমর্থন লাভের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সাংবাদিকদের বলেন, তাঁরা আশা করছেন, আগামী জানুয়ারিতেই দুই পক্ষকে এক টেবিলে বসানো এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে।
কেরি বলেন, এ বিষয়ে তাঁরা একটি সময়সীমা নির্ধারণ করেছেন। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ছয় মাসের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং বাশার সরকারের কাছ থেকে ওই সরকার ক্ষমতা নেওয়ার এক বছরের মধ্যে দেশটিতে নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন করা হবে।
জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দে মিস্তুরা বলেন, জানুয়ারি মাসে তিনি সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষগুলোকে সমঝোতায় বসানোর জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেবেন। তিনি আশা প্রকাশ করেন ওই মাসেই দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা সম্ভব হবে।
বাশার এবং তাঁর বিরোধীদের বোঝানোর জন্য মূল দায়িত্ব পালন করবে রাশিয়া ও সৌদি আরব। রাশিয়া বাশার সরকারকে এবং সৌদি আরব বিদ্রোহী পক্ষগুলোকে টেবিলে আনার জন্য তদবির করবে।
তবে বাশার আল-আসাদকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে কি না এবং সমঝোতা বৈঠকে বিরোধীপক্ষের প্রতিনিধি হিসেবে লড়াইরত কোন কোন গোষ্ঠী থাকবে তা নিয়ে আইএসএসজি সদস্যদের মধ্যে মতভেদ রয়ে গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বলে আসছে, বাশারকে সরে দাঁড়াতে হবে। রাশিয়া বলছে, বাশার ক্ষমতায় থাকবেন কি থাকবেন না তা সিরিয়ার জনগণই ঠিক করবে। আর সিরিয়ার মিত্র ইরান গতকালও বলেছে, তারা বাশারকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।
আলোচনায় সিরিয়ার সরকারবিরোধী পক্ষে কোন কোন সংগঠনের প্রতিনিধিরা যোগ দিতে পারবেন তা এখনো চূড়ান্ত হয়নি। জর্ডান বাশার সরকারের বিরুদ্ধে লড়াই করছে এমন গোষ্ঠীগুলোর মধ্য থেকে কয়েকটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে একটি খসড়া তালিকা দিয়েছে। তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর কোনটিকে বাদ এবং কোনটিকে রাখা হবে আইএসএসজি সে বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে। ওই তালিকায় আইএস এবং আল কায়েদার সঙ্গে যুক্ত আল নুসরা ফ্রন্টের নামও রয়েছে। এদের বিরোধী পক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না বলেই ধারণা করা হচ্ছে।