সিরিয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সুসান রাইস সিরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ১০ এপ্রিলের মধ্যে প্রতিশ্রুত সামরিক অভিযান বন্ধে ব্যর্থ হয় হলে তাদের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা নিতে হবে।তবে রাশিয়া কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ায় সরকারবিরোধীদের অস্ত্র সরবরাহ করা হলে কেবল রক্তপাত বাড়বে। জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান সহিংসতা বন্ধে সিরিয়ার কর্তৃপক্ষকে ১০ এপ্রিলের যে সময়সীমা বেঁধে দিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ তাতে সম্মতি দিয়েছেন। তবে সিরিয়া কর্তৃপক্ষের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে সন্দিহান রাইস।জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি বলেন, ‘১ এপ্রিল থেকে আমরা যা দেখে আসছি, তা উৎসাহব্যঞ্জক নয়। হঠাৎ করেই সিরিয়া সরকার প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠেছে—এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ও সংশয়াপন্ন।তবে সুসান রাইস স্বীকার করেন, সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নিরাপত্তা পরিষদে বিভক্তি আছে। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আসাদ সরকার সামরিক অভিযান অব্যাহত রাখলে কূটনৈতিক হিসাবনিকাশ পাল্টে যাবে। সিরিয়ার সরকারবিরোধীরা বলছে, প্রেসিডেন্ট আসাদ সময়ক্ষেপণ করছেন, যাতে জাতিসংঘ পর্যবেক্ষকেরা দামেস্ক পৌঁছার আগেই বিদ্রোহ দমন সম্ভব হয়।বিশেষ দূত কফি আনানের পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের একটি অগ্রবর্তী দল পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনার জন্য দামেস্ক যাওয়ার কথা রয়েছে।গতকাল বুধবার জেনেভায় জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান নরওয়ের মেজর জেনারেল রবার্ট মুডের সঙ্গে বৈঠক করার কথা। রবার্ট মুড সিরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রবর্তী দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ার সরকারবিরোধীদের অস্ত্র সরবরাহ করা হলে আরও বেশি রক্তপাতের ঘটনা ঘটবে। বিরোধীদের পক্ষে প্রেসিডেন্ট বাশারের অনুগত নিরাপত্তা বাহিনীকে পরাজিত করা সম্ভব হবে না।সামরিক অভিযানে ৮০ জন নিহত: যুক্তরাজ্যভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরিয়াজুড়ে সরকারবিরোধীদের ওপর ব্যাপক সামরিক অভিযানে কেবল গত মঙ্গলবার অন্তত ৮০ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।পর্যবেক্ষক সংস্থার তথ্যমতে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ৫৮ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাফতানজ অঞ্চলে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন ২০ জন। এ ছাড়া হোমস শহরে নিরাপত্তা বাহিনীর হামলায় আরও ১৫ জন বেসামরিক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া হোমস, ইদলিব ও দারা প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৮ জন সেনাসদস্য নিহত হন। বিবিসি ও এএফপি।