সিরিয়া প্রশ্নে জাতিসংঘ সমর্থিত শান্তি পরিকল্পনা চায় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা বন্ধে একটি পরিকল্পনা অনুমোদনে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানাবে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র বলেছে, কোনো প্রস্তাবে তাদের আপত্তি নেই। তবে সেই প্রস্তাব না মেনে চলা হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটাও প্রস্তাবে রাখতে হবে।গতকাল শনিবার হিলারির সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, সুইজারল্যান্ডের জেনেভায় গত ৩০ জুন পরাশক্তির দেশগুলোর বৈঠকে গৃহীত শান্তি পরিকল্পনার বিষয়ে নিরাপত্তা পরিষদে ফিরে যেতে রাশিয়া রাজি। তবে তিনি সিরিয়ার ওপর আরও বেশি অর্থনৈতিক অবরোধ আরোপে যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করে দেন। রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান কূটনৈতিক এবং সামরিক সমর্থনদাতা। নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাব পাসে তারা বিরোধিতা করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, লাভরেভের সঙ্গে বৈঠকে হিলারি বলেন, জেনেভা পরিকল্পনার ভিত্তিতে নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাব নেওয়ার বিষয়ে তাঁর আপত্তি নেই। তবে সেই প্রস্তাব যদি প্রেসিডেন্ট আসাদ না মেনে চলেন, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে হবে।সিরিয়া থেকে ইরাকে গোলা নিক্ষেপ: সিরিয়ার ভূখণ্ড থেকে গত শুক্রবার মধ্যরাতে প্রতিবেশী দেশ ইরাকের পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী আল-কিয়াম শহরে বেশ কয়েকটি গোলা নিক্ষেপ করা হয়েছে। এতে চার বছরের একটি কন্যাশিশু নিহত এবং অন্য চারজন আহত হয়েছে। ইরাকের নিরাপত্তা ও চিকিৎসাবিষয়ক কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন। এএফপি।