সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীদের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতির সমালোচনা করেছে রাশিয়া। মস্কো অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ এনে এই প্রতিশ্রুতি দিয়েছে তা পুরো বিশ্বাসযোগ্য নয়।যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার জানায়, ওয়াশিংটন বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে যে সিরিয়ায় সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র হিসেবে সারিন গ্যাসসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। নিষিদ্ধ অস্ত্র ব্যবহারে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার সরকারবিরোধীদের প্রতি সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে সামরিক সহায়তা দেওয়ার কথাও যুক্ত রয়েছে।’রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক শীর্ষ সহযোগী ইউরি উসকানভ গতকাল মস্কোয় সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন সত্যিই নীতি পরিবর্তন করে সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সহায়তা বৃদ্ধি করলে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা কঠিন হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাশার বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তুলছে তা ‘সন্তোষজনক নয়’।তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, বাশার বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে লন্ডন তার সঙ্গে একমত।এর আগে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলে যুক্তরাষ্ট্র বলেছিল, এমন ঘটনা প্রমাণ হলে সেটাই হবে দেশটিতে সামরিক হস্তক্ষেপের পক্ষে ‘চূড়ান্ত রেখা’ অতিক্রমের মতো বিষয়। তারও আগে থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের বিভিন্নভাবে সমর্থন দিলেও সরাসরি অস্ত্র সরবরাহ করেনি। ওয়াশিংটনের আশঙ্কা, সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করলে তা একসময় কট্টরপন্থী বিভিন্ন গোষ্ঠীর হাতে চলে যেতে পারে। মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেওয়া ও দেশটিতে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন সামরিক বাহিনীর প্রস্তাব রয়েছে।সিরিয়ার সরকারবিরোধী প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন সরকারবিরোধীদের ‘সরাসরি সামরিক সহায়তা বাড়ানো-সংক্রান্ত’ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এএফপি ও রয়টার্স।