সিরিয়ার বিমানবাহিনী বেসামরিক লোকজনের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করছে। তারা বাছবিচারহীনভাবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত বুধবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।মানবাধিকার গ্রুপটি জানিয়েছে, তারা উত্তর-পশ্চিম সিরিয়ার ৫২টি স্থান পরিদর্শন করেছে। এসব জায়গায় তারা এ ধরনের ৫৯টি বেআইনি আক্রমণের দৃষ্টান্ত পেয়েছে। এইচআরডব্লিউ বলেছে, উভয় ধরনের আক্রমণে আনুমানিক কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। দামেস্কের বিরুদ্ধে জাতিসংঘের অবরোধ আটকে দেওয়ায় রাশিয়া ও চীনকে সমালোচনাও করে মানবাধিকার গ্রুপটি।‘ডেথ ফ্রম দ্য স্কাইস’ শীর্ষক ওই প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, ২০১২ সালের জুলাই মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত সিরীয় যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা নগর, শহর ও তার আশপাশের এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে।এইচআরডব্লিউ গত বছরের আগস্ট ও ডিসেম্বরের মধ্যে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো, ইদলিব ও লাতাকিয়া এলাকা পরিদর্শন করে। এ সময় তারা প্রত্যক্ষদর্শী ও আক্রমণের শিকার লোকজনের পাশাপাশি সিরীয় বিমানবাহিনী থেকে পালিয়ে আসা চার সদস্যের সঙ্গে কথা বলে। মানবাধিকার গ্রুপটি সরকারি সেনাদের বেকারিতে এবং রুটি কেনার জন্য তার সামনে অপেক্ষমাণ থাকা লোকজন, হাসপাতাল ইত্যাদির ওপর বাছবিচারহীনভাবে বিমান থেকে ও কামান ব্যবহার করে হামলা চালানোর দৃষ্টান্ত পেয়েছে। মানবাধিকার গ্রুপটি সিরিয়ার বিদ্রোহীদেরও কিছু ঘটনার জন্য সমালোচনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী যোদ্ধারা কোনো কোনো ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের বাহিনী ও অবকাঠামো স্থাপন করেছে, যা সেখানকার বেসামরিক লোকজনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।