সিরিয়ায় চলমান সংঘাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল সিরিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এদিকে, রাজধানী দামেস্কে গতকাল সোমবার এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫ জন।জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য জাতিসংঘের পর্যবেক্ষকেরা দেশটিতে যাওয়ার জন্য প্রস্তুত। গতকাল হেগে রাসায়নিক অস্ত্রবিষয়ক এক সম্মেলনে মুন বলেন, ‘আমি জানাচ্ছি, সিরিয়ায় যাওয়ার আগে একটি অগ্রবর্তী দল সাইপ্রাসে পৌঁছেছে। সিরিয়ায় ঢোকার জন্য তারা প্রস্তুত রয়েছে।’জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ‘পর্যবেক্ষক পাঠানোর জন্য জাতিসংঘও প্রস্তুত, ২৪ ঘণ্টার মধ্যে সব কারিগরি প্রস্তুতিও সম্পন্ন হবে।’সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে বিদ্রোহীরা অভিযোগ করার পর বিষয়টি তদন্তের জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আহ্বান জানিয়েছিল জাতিসংঘ।এদিকে, গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দামেস্কের কেন্দ্রস্থল সাবা বাহরত স্কয়ার এবং শাবান্দার স্ট্রিটের মধ্যবর্তী স্থলে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এএফপির দামেস্ক ব্যুরো কার্যালয়ের জানালা উড়ে গেছে। এএফপি।