সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তাঁর দেশ যুদ্ধাবস্থায় রয়েছে। এই যুদ্ধে জয়ী হতে সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধজয়ের নীতি নিয়েই তাঁর সরকারের সব নীতি ও কার্যক্রম চলবে। তিনি গত মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। এদিকে প্রেসিডেন্ট বাশারের এমন মন্তব্যের এক দিনের মাথায় গতকাল বুধবার দেশটির সরকারপন্থী একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারীরা গুলি করে চ্যানেলটির তিনজন কর্মীকে হত্যা করেছে। সরকারি কর্মকর্তারা এ হামলাকে গণমাধ্যমের বিরুদ্ধে ‘নজিরবিহীন হামলা’ বলে আখ্যায়িত করেছেন। হামলার পরও চ্যানেলটি তাদের সম্প্রচার কার্যক্রম চালু রেখেছে। রাজধানী দামেস্কের ২০ কিলোমিটার দক্ষিণে দ্রুশা নগরে অবস্থিত আল-ইখবারিয়া স্যাটেলাইট চ্যানেলের প্রধান কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, হামলায় চ্যানেলটির স্টুডিওর ব্যাপক ক্ষতি হয়েছে। স্টুডিওর বেশ কয়েকটি স্থানে তখনো আগুন জ্বলছিল।তথ্যমন্ত্রী ওমরান আল-জোহবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি চ্যানেলটির এক সরাসরি সাক্ষাৎকারে বলেন, ‘সন্ত্রাসীরা আল-ইখবারিয়ার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। স্টুডিওতে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’ তিনি বলেন, ‘সন্ত্রাসীরা সম্প্রচারমাধ্যমটিতে বর্বরোচিত হামলা চালিয়ে দুজন সাংবাদিক ও একজন নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।’ এ হামলার পেছনে ইউরোপীয় ইউনিয়নের হাত থাকতে পারে—এমন ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘এই হামলা আর অন্য কোথাও থেকে চালানো হয়নি।’ গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার সরকারপন্থী এই চ্যানেলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে গত মার্চে একই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। তারা চ্যানেলটি কালো তালিকাভুক্ত করেছে। মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট বাশার বলেন, সিরিয়া ‘সত্যিকার অর্থেই যুদ্ধাবস্থায়’ রয়েছে। মন্ত্রীদের সরকারবিরোধী আন্দোলন দমন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কেউ যুদ্ধাবস্থায় থাকলে সেই যুদ্ধে জয়ী হতে হলে অবশ্যই সব নীতি ও সামর্থ্য প্রয়োগ করতে হয়।’পশ্চিমা যেসব রাষ্ট্র তাঁকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলছে, তাদের সমালোচনা করে বাশার বলেন, ‘পশ্চিমারা শুধু নিতেই জানে, কখনো কিছুই দেয় না। এটা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত হয়ে আসছে।’ তিনি বলেন, ‘আমরা চাই, সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকুক। তবে আমাদের এও জানতে হবে, আমাদের স্বার্থটা কোথায়?’ এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলেছে, মঙ্গলবারের সহিংসতায় যে ১২৯ জন মারা গেছে, তাদের মধ্যে ৭৯ জন বেসামরিক লোক রয়েছে। দামেস্কের শহরতলি আল-হামায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার পর দামেস্কের কাছে এই প্রথম গোলন্দাজ বাহিনীকে মাঠে নামানো হলো। তা ছাড়া এর আগে এ ধরনের সংঘর্ষ আর হয়নি। প্রেসিডেন্ট বাশারের ছোট ভাই মাহেরের নেতৃত্বাধীন রিপাবলিকান গার্ডের ঘাঁটির কাছে এ সংঘর্ষ হয়। রিপাবলিকান গার্ড রাজধানী রক্ষার দায়িত্বে নিয়োজিত। এএফপি ও বিবিসি।