সিরিয়া শান্তি পরিকল্পনায় সাড়া দিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় সিরিয়া পূর্ণ সহযোগিতা দেয়নি বলে অভিযোগ করেছেন সংস্থাটির মহাসচিব বান কি মুন। একই সঙ্গে দেশটিতে এক বছরের বেশি সময় ধরে চলা সহিংসতার অবসানে দামেস্ক এখনো তার প্রতিশ্রুতি রক্ষায় কোনো ‘স্পষ্ট সংকেত’ দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।মহাসচিব বান কি মুন গত বুধবার নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ওই সব অভিযোগ উত্থাপন করেছেন। একই সময় তিনি সিরিয়ায় ১৩ মাস স্থায়ী সংঘাত অবসানে অগ্রগতির সুযোগ থাকতে পারে—এমন আশাও প্রকাশ করেন। দীর্ঘদিনের এই সংঘাতে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ভাষণে বান কি মুন সিরিয়ায় বিস্তৃত পরিসরে একটি জাতিসংঘ পর্যবেক্ষক মিশন পাঠানোর প্রস্তাব দেন। পরিষদ প্রস্তাবটি অনুমোদন করলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি তদারকিতে ৩০০ সদস্যের নিরস্ত্র পর্যবেক্ষক দল গঠন করা সম্ভব হতে পারে। এক সপ্তাহ আগে দুই পক্ষের মধ্যে ওই যুদ্ধবিরতি সম্পাদিত হয়। যুদ্ধবিরতি সত্ত্বেও সেখানে লড়াই বন্ধ হয়নি বলে উল্লেখ করেন বান কি মুন।নিরাপত্তা পরিষদে শনিবার পাস হওয়া সিরিয়াবিষয়ক শান্তিপ্রস্তাবে দেশটির সাড়ার ওপর প্রাথমিক মূল্যায়নে জাতিসংঘের মহাসচিব মুন বলেন, ‘অব্যাহত অভিযান ও সংঘাতবিক্ষুব্ধ শহরগুলোতে সেনা মোতায়েন কিংবা তাদেরকে শিবিরে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সিরীয় সরকার প্রাথমিক বাধ্যবাধকতাগুলো এখনো পরিপূর্ণভাবে পালন করেনি।’ তিনি বলেন, সরকারি বাহিনীর নির্যাতন এবং বেসামরিক এলাকায় গোলাবর্ষণের পাশাপাশি সহিংসতা ও প্রাণহানির খবর সম্প্রতি আবারও বেড়ে গেছে। অথচ সরকারি প্রতিবেদনে কেবল সশস্ত্র গোষ্ঠীর সহিংস কার্যকলাপের কথা বলা হচ্ছে। রয়টার্স।