জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়া পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশটির অভ্যন্তরীণ সংকট ওই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সেখানে সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে সেখানে শিগগিরই মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তবে মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে সিরিয়া সংকটের প্রভাবের বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। গতকাল বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে প্রতিরক্ষাবিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বান কি মুন বলেন, সিরিয়া সংকট সমাধানে এ মুহূর্তে তিনটি বিষয় অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘ। প্রথমটি হচ্ছে, অতি দ্রুত সব ধরনের সহিংসতা বন্ধ করা। দ্বিতীয়ত, রাজনৈতিক সংলাপ। তৃতীয়ত, সেখানে জরুরিভিত্তিতে মানবিক সহায়তাকারী দল পাঠানো।এর আগে মঙ্গলবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা ইন্দোনেশিয়ার সেনাদের উদ্দেশে বান কি মুন বলেন, সিরিয়ায় যা ঘটছে তা ‘অগ্রহণযোগ্য’। সহিসংতা বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।এদিকে জাকার্তার ওই অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের ভাষণের আগে তাঁর বক্তব্যের যে অনুলিপি সাংবাদিকদের সরবরাহ করা হয়, এতে উল্লেখ ছিল জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান খুব শিগগির আলোচনার জন্য আবার দামেস্ক যাবেন। কিন্তু মহাসচিব তাঁর আনুষ্ঠানিক বক্তব্যে এ ব্যাপারে কিছু বলেননি।কফি আনানের প্রচেষ্টা সম্পর্কে জাতিসংঘ মহাসচিব বলেন, বিশেষ দূত আনান ক্লান্তিহীনভাবে সিরিয়া সংকট সমাধানে কাজ করছেন।বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসিরকি জানান, ‘জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূতের একটি কারিগরি দল এখনো দামেস্কে অবস্থান করছে। সেখানে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি (কফি আনান) তাঁদের কাছ থেকে দেশটির সর্বশেষ অবস্থার বিস্তারিত তথ্য শোনার অপেক্ষায় আছেন।’জাতিসংঘ মহাসচিব বলেন, সিরিয়া গভীর সংকটে আছে। চরম বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এ অবস্থায় একটি প্রস্তাব পাসের জন্য আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে রাশিয়ার আপত্তির কারণে গত মঙ্গলবার সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের তৈরি করা একটি খসড়া বিবৃতি পরিবর্তনের বিষয়ে সম্মত হয়েছে পশ্চিমা দেশগুলো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সীমা বেঁধে দেওয়ার বিষয়ে রাশিয়া আপত্তি তুলেছিল। এএফপি, রয়টার্স।