সিরিয়া সংকট সমাধানে আনানের প্রচেষ্টায় রাশিয়ার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানকে সহযোগিতা করতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটি বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্যের দায়িত্ব কফি আনানের প্রচেষ্টাকে সমর্থন জানানো। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেন। এই সম্মেলন টেলিভিশনে সমপ্রচার করা হয়। তুরস্ক সরকার গতকাল দেশটির নাগরিকদের অবিলম্বে সিরিয়া ত্যাগের আহ্বান জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় ‘মারাত্মক নিরাপত্তা ঝুঁকি’ রয়েছে।সিরিয়া সংকট সমাধানে কফি আনান তাঁর প্রচেষ্টার বিষয়ে গতকালই এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করার কথা। লাভরভ বলেন, ‘আমরা কফি আনানের সঙ্গে সঠিকভাবেই যোগাযোগ রক্ষা করে চলেছি এবং দামেস্কের কাছে প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরেছি। যে লক্ষ্য নিয়ে আনান কাজ করছেন, সে বিষয়ে সিরিয়া কর্তৃপক্ষ যাতে তাঁকে পূর্ণ সহযোগিতা দেয়, এ বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে।’রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, নিরাপত্তা পরিষদের সব সদস্য কফি আনানের প্রচেষ্টাকে সমর্থন করবে।’ যদিও এর আগে রাশিয়া ও চীন আসাদ সরকারের বিরুদ্ধে নেওয়া নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে ভেটো দিয়েছিল। এদিকে উপসাগরীয় অঞ্চলের ছয়টি আরব দেশ সিরিয়া থেকে নিজ নিজ দেশের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রধান আবদুল লতিফ আল-জায়ানি গতকাল এ ঘোষণা দেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েত যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। দামেস্ক সরকার নিজ দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালানো এবং সংকট সমাধানের সব ধরনের প্রচেষ্টা অবজ্ঞা করার প্রতিবাদে গালফ কো-অপারেশন কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংস্থার প্রধান জায়ানি জানান।তবে এই যৌথ সিদ্ধান্তের আগেই গত বুধবার সৌদি আরব এবং বৃহস্পতিবার বাহরাইন দামেস্ক থেকে নিজ নিজ দেশের দূতাবাস গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করে।গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রধান আবদুল লতিফ আল-জায়ানি আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি সিরিয়ার চলমান সহিংসতা বন্ধে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সিরিয়ার নাগরিকদের মর্যাদা ও ন্যায়সংগত অধিকার রক্ষার আহ্বান জানান।উপসাগরীয় আরব দেশগুলোর মতো দূতাবাস বন্ধের পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও। ইইউর একটি সূত্র জানায়, আগামী বৃহস্পতি ও শুক্রবার ব্রাসেলসে ইইউর বৈঠকে জোটভুক্ত ২৭টি দেশের দূতাবাস বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হতে পরে।এদিকে গতকাল জুমার নামাজের পর রাজধানী দামেস্ক, আলেপ্পো, লাটাকিয়া, হাসাকাসহ দেশের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট আসাদের পক্ষে তাঁর সমর্থকেরা সমাবেশ ও মিছিল করেছে। মিছিলকারীরা প্রেসিডেন্ট আসাদের ছবি এবং দেশটির জাতীয় পতাকা বহন করেন।অপরদিকে ‘বাশার বিদায় হও’ স্লোগানে আলেপ্পো ও দামেস্কের শহরতলিতে মিছিল ও সমাবেশ করেছে সরকারবিরোধীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা কর্মীরা। এএফপি, রয়টার্স, বিবিসি।