আরব নেতারা সিরিয়া সংকটের শান্তিপূর্ণসমাধানের আহ্বান জানিয়েছেন।ইরাকের রাজধানী বাগদাদে আরব লিগের সম্মেলনে গতকাল বৃহস্পতিবার নেতারা এই আহ্বান জানান।সম্মেলন চলাকালে বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে গতকাল হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ওই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ আরব লিগের সদস্যরাষ্ট্রগুলোর নেতারা অংশ নেন। সম্মেলনে রক্তপাত বন্ধে সিরিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আরব লিগের নেতারা মতৈক্যে পৌঁছাতে পারেননি।আরব লিগের বৈঠক শুরুর আগে বিভিন্ন দেশের নেতারা বলেন, সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানানো হবে না। সরকারবিরোধীদেরও অস্ত্র সরবরাহ করার মতো কোনো বিষয় বিবেচনা করা হবে না। নেতারা সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানাবেন। এই আলোচনার ভিত্তি হবে জাতিসংঘের বর্তমান বিশেষ দূত ও সাবেক মহাসচিব কফি আনানের দেওয়া ছয়টি বিষয়। সিরিয়া সরকার আনানের শান্তি পরিকল্পনাসহ ওই ছয়টি বিষয় ইতিমধ্যে গ্রহণ করেছে। তবে বিরোধী পক্ষগুলো আনানের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।আরব লিগের সম্মেলন শেষে বাগদাদ ঘোষণা আসবে। ওই ঘোষণার খসড়ায় বলা হয়েছে, আরব দেশগুলোর নেতারা সিরিয়ায় রক্তপাত বন্ধে অস্ত্র প্রয়োগের পরিবর্তে রাজনৈতিক সমাধানের পক্ষে। আর এটা হতে হবে দেশটির সব পক্ষের অংশগ্রহণে জাতীয় সংলাপের মাধ্যমে।আরব লিগের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে গত বুধবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসেইর জেবারি বলেন, আরব লিগের অবস্থান স্পষ্ট। প্রেসিডেন্ট বাশারকে পদত্যাগের আহ্বান জানানো হবে না। ২২ সদস্য রাষ্ট্রের সংগঠন আরব লিগের অন্যতম সদস্য সৌদি আরব ও কাতার সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে।বান কি মুন সম্মেলনে যোগ দেওয়ার আগে বলেন, ‘সিরিয়া কফি আনানের শান্তি পরিকল্পনা গ্রহণ করেছে। এটা দেশটিতে সহিংসতা বন্ধে সফল প্রাথমিক পদক্ষেপ। আমি প্রেসিডেন্ট বাশারকে দ্রুত তাঁর অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানাই।’গতকাল বাগদাদে আরব লিগের সম্মেলন চলার সময় গ্রিন জোনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ওই দূতাবাসের জানালার কাচ ভেঙে গেছে। প্রেসিডেন্ট বাশারের ওপর চাপ সৃষ্টি করতে হিলারি ক্লিনটন গতকাল সৌদি আরবের উদ্দেশে ওয়াশিংটন ছেড়েছেন। আজ শুক্রবার তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন। পরে তিনি তুরস্ক যাবেন।এএফপি, রয়টার্স।