সিরিয়া সরকার মানবতার বিরুদ্ধে অপরাধ করছে: অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেছে, সিরিয়ায় মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে। যেসব এলাকার মানুষ বিদ্রোহীদের সমর্থন করছে, তাদের ওপর নিপীড়ন চালাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী।লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা সিরীয় পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে ধরে এনে নারী, শিশুসহ নিরপরাধ মানুষকে হত্যা করছে। নৃশংস এসব ঘটনার প্রমাণ সংস্থাটির কাছে রয়েছে।সিরিয়া পরিস্থিতির ওপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল ৭০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে। এর শিরোনাম দেওয়া হয়েছে ‘প্রাণঘাতী প্রতিশোধ’।প্রতিবেদন প্রকাশের সময় সংস্থাটির গবেষক ডোনাটেলা রোভেরা বলেন, নতুন এসব ভয়ংকর তথ্য প্রমাণে দেখা যাবে, দেশটিতে সংগঠিত উপায়ে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিরিয়াজুড়ে ২৩টি শহর ও গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছে। অনেকের সাক্ষাৎকার নিয়েছে।সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের অধিকাংশ ঘটনার জন্য সরকারি বাহিনী দায়ী। অনেক ক্ষেত্রে বিদ্রোহী গোষ্ঠীগুলোও একই অপরাধ করছে। প্রতিনিয়ত দেশটিতে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের ঘটনা ঘটছে।অ্যামনেস্টির প্রতিবেদনটি প্রকাশের মাত্র এক দিন আগে গত বুধবার সিরিয়া সরকার ঘোষণা দিয়েছিল, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুন্নি অধ্যুষিত এলাকা আল-হাফি থেকে ‘সন্ত্রাসীদের নির্মূল’ করা হয়েছে। ওই এলাকাটি সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির ঘাঁটি হিসেবে পরিচিত।এদিকে রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদদাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের অভিযোগ নাকচ করে গতকাল বলেছেন, সিরিয়াকে কোনো সামরিক হেলিকপ্টার সরবরাহ করছে না রাশিয়া। সিরিয়ার আরেক মিত্র দেশ হিসেবে পরিচিত চীন বলেছে, সিরিয়ার ওপর বাড়াবাড়ি রকমের কোনো নিষেধাজ্ঞা বা বিধি-নিষেধ আরোপের পক্ষপাতী নয় তারা। এএফপি, রয়টার্স।