সিরিয়া সরকারের পক্ষ ত্যাগের আহ্বান এসএনসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগের জন্য সরকার নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) নতুন নেতা আবদেল বাসেত। সিরিয়ার সরকারবিরোধী সংগঠন এসএনসির নতুন এই নেতা বলেন, ‘প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সরকার এখন তাঁর শেষ সময় অতিক্রম করছে। আমরা সরকারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সব প্রতিষ্ঠানকে প্রেসিডেন্ট আসাদের পক্ষ ত্যাগের আহ্বান জানাই।’গতকাল সোমবার তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এর আগে রোববার আবদেল বাসেত সংগঠনটির নতুন নেতা নির্বাচিত হন। কুর্দি এই নেতা সংগঠনটির দায়িত্ব নেওয়ার পরই বলেন, সিরিয়া পরিস্থিতি একটি স্পর্শকাতর অধ্যায়ে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট আসাদের দিন ফুরিয়ে এসেছে। অপরদিকে প্রায় একই ধরনের আহ্বান জানিয়েছে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। প্রেসিডেন্ট আসাদের শাসনব্যবস্থার বিরুদ্ধে ‘আইন অমান্য’ কর্মসূচি শুরুর আহ্বান জানিয়েছে সংগঠনটি। দেশের ভেতরে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রেসিডেন্ট আসাদকে কোণঠাসা করার জন্য এ প্রচারণা শুরু করেছে এফএসএ।প্রেসিডেন্ট আসাদের অনুগত সামরিক বাহিনীর সদস্যদের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।গতকাল এক বিবৃতিতে ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র কর্নেল কাসেম সাদেদাইন বলেন, ‘আইন অমান্য কর্মসূচির অংশ হিসেবে আমরা সিরিয়ার নাগরিকদের সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানাচ্ছি।’ এএফপি।