সিরিয়া সরকারের পতনে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে: আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারের পতন ঘটলে সিরিয়া ও আশপাশের অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। সেই অস্থিতিশীল অবস্থা ‘অনেক বছরের জন্য’ বিদ্যমান থাকতে পারে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সংকট নিয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সংলাপের ঘোষণা দিয়েছেন।প্রেসিডেন্ট আসাদ তুরস্কের গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের ভিডিও গত শুক্রবার তাঁর ফেসবুক পাতায় পোস্ট করা হয়েছে। সাক্ষাৎকারে আসাদ বলেন, ‘পুরো বিশ্ব এটা জানে যে, যদি সিরিয়া ভাগ হয়ে যায় অথবা যদি সন্ত্রাসী শক্তিগুলো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে আশপাশের দেশগুলোতে তা সরাসরি সংক্রমিত হবে।’আসাদ আরও বলেন, এই এলাকার দেশগুলোতে যে অবস্থার সৃষ্টি হবে তা সম্ভবত মধ্যপ্রাচ্য অঞ্চল ছাড়িয়ে যাবে। এই প্রভাব ছড়াবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ—সব দিকে। তার মানে অস্থিতিশীলতা অনেক বছর; এমনকি কয়েক দশক ধরে বিদ্যমান থাকতে পারে।এদিকে সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে চলতি সংঘর্ষ ও এর জের ধরে মানবিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস গত শুক্রবার ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট ওবামা জর্ডান, তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের নিয়ে সামনের সপ্তাহগুলোতে বৈঠকে বসবেন। বৈঠকে তিন বছরে গড়ানো সিরীয় সংকটের চলতি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। মার্কিন প্রশাসন জানিয়েছে, ওবামা ২৬ এপ্রিল জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ এবং আগামী ১৬ মে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন। এই দেশ দুটি সিরীয় সংঘাতের শুরু থেকেই আসাদের বিরুদ্ধে বিদ্রোহকে শক্তভাবে সমর্থন দিয়ে আসছে। এ ছাড়া ওবামা সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে ১৬ এপ্রিল এবং কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে ২৩ এপ্রিল বৈঠক করতে পারেন। এএফপি।