সিরিয়াকে সারিন তৈরির উপাদান দেয় যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াকে বিষাক্ত রাসায়নিক সারিন তৈরির উপাদান সরবরাহ করেছিল যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া একটি নথিতে এই তথ্য পাওয়া গেছে।
বিবিসি টেলিভিশনের নিউজনাইট অনুষ্ঠানে ওই নথির বরাত দিয়ে বলা হয়, যুক্তরাজ্য আশির দশকে সিরিয়ার কাছে সারিন গ্যাস তৈরির উপাদানগুলো সরবরাহ করে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের পররাষ্টমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল এক লিখিত বিবৃতিতে স্বীকার করেন, যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠান সিরিয়াকে রাসায়নিক এসব উপাদান সরবরাহ করেছে। সিরিয়ায় বিদ্রোহীদের দমনে সারিন দিয়ে তৈরি রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে। যদিও বাশার সরকার পাল্টা অভিযোগ করে বলছে, সরকারি বাহিনী নয়, বিদ্রোহীরাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, আশির দশকে এই উপাদানগুলো হস্তান্তরের প্রশ্নে সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি ছিল না। তবে কিছু কঠোর নিয়ন্ত্রণবিধি ছিল, যা এখনো বহাল আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ তত্ত্বাবধানকারী অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডাব্লিউ) কাছে সিরিয়ার সরকার জানায়, দামেস্ক যে উপাদানগুলো দিয়ে সারিন তৈরি করেছে, তার উপাদানগুলো যুক্তরাজ্যের কাছ থেকে পেয়েছে। এই তিন রাসায়নিক বস্তু সারিন তৈরির অন্যতম উপাদান। নিউজনাইট অনুষ্ঠানে বলা হয়, ব্রিটিশ কোম্পানিগুলো শত শত টন ফসফেট রাসায়নিক সরবরাহ করেছে সিরিয়ার কাছে।
সিরিয়ার বিরোধীদের নতুন নেতা নির্বাচন: আল-জাজিরার খবরে বলা হয়, সিরিয়ার সরকারবিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশনের নতুন নেতা নির্বাচন করা হয়েছে হাদি আল বাহরাকে। তুরস্কের ইস্তাম্বুল শহরে তিন দিনের বৈঠক শেষে জোটের নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়। তিনি জোটের বর্তমান প্রধান আহমেদ জাবরার স্থলাভিষিক্ত হবেন।