সিরিয়ার উদ্দেশে যাওয়ার সময়লেবাননে অস্ত্রবাহী জাহাজ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীদের জন্য পাঠানো রকেটচালিত গ্রেনেড, রাইফেলসহ অস্ত্রের একটি চালান আটক করেছে লেবানন। লেবাননের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা লিবিয়া থেকে ছেড়ে আসা সিয়েরা লিওনের পতাকাবাহী একটি জাহাজের ক্রুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। জাহাজটিতে করে সিরীয় বিদ্রোহীদের জন্য অস্ত্রের চালান পাঠানো হচ্ছিল সন্দেহে গতকাল রোববার এটিকে আটক করা হয়। সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত থাকার মধ্যে নতুন করে এ ঘটনা ঘটল।লেবানন কর্তৃপক্ষ বলেছে, তারা রাইফেল, ভারী মেশিনগান, কামানের গোলা, রকেটচালিত গ্রেনেড, রকেট লঞ্চার ও অন্যান্য বিস্ফোরকভর্তি তিনটি কনটেইনার জব্দ করেছে। এসব কনটেইনার নিয়ে জাহাজটি সিরীয় বিদ্রোহীদের উদ্দেশে যাচ্ছিল। এর আগে সিরিয়া সরকারের তরফে লেবানন থেকে বিদ্রোহীদের কাছে অস্ত্র পাচার করা হচ্ছে বলে বারবার অভিযোগ তোলা হয়। অস্ত্রের চালানটি আটকের এক দিন আগে শনিবার সিরিয়ার সরকারি সংবাদপত্র তিশরিন-এর এক প্রতিবেদনে লেখা হয়, ‘জাতিসংঘের মহাসচিব বান কি মুন সশস্ত্র বিদ্রোহীদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা এড়িয়ে তাঁর অভিযোগ কেবল সরকারি বাহিনীর দিকে নিবদ্ধ রেখেছেন। তিনি এসব গোষ্ঠীর আরও অপরাধ ও সন্ত্রাসী কাজ সংঘটনের বিষয়কেই উৎসাহিত করছেন।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ‘আমরা বিশ্বাস করি, সিরিয়ার সংকট সমাধানে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যদের সহিংসতা এবং দেশের ভেতর ও বাইরে থেকে তাদের সমর্থনদান বন্ধ করা প্রয়োজন।’এদিকে, মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পর দুই সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হতে চললেও সিরিয়ায় রক্তপাত অব্যাহত রয়েছে। সহিংসতার ধারবাহিকতায় শনিবারও দেশটিতে নিহত হয়েছেন ১০ বিদ্রোহী যোদ্ধাসহ ৩২ জন। বিদ্রোহীরা ছাড়া নিহত সবাই বেসামরিক লোক। এএফপি।