সিরিয়ার উড়োজাহাজ অবতরণে বাধ্য করল তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া থেকে সিরিয়াগামী যাত্রীবাহী একটি উড়োজাহাজ গত বুধবার আঙ্কারায় অবতরণে বাধ্য করেছে তুরস্ক। ওই উড়োজাহাজে করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য রাশিয়ার তৈরি অস্ত্র নেওয়া হচ্ছিল বলে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ান দাবি করেছেন। তুর্কি প্রধানমন্ত্রী বলেন, যাত্রীবাহী উড়োজাহাজ গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম বহন করতে পারে না। দুর্ভাগ্যবশত ওই উড়োজাহাজে এমন সরঞ্জাম ছিল। তবে রাশিয়া বলেছে, সিরিয়াগামী বিমানটিতে অস্ত্র বা সামরিক সরঞ্জাম ছিল না। এ ঘটনার জন্য তুরস্কের কাছে ব্যাখ্যাও দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ক সফর স্থগিত করেছেন।এরদোয়ান আঙ্কারায় সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উড়োজাহাজে করে নেওয়ার সময় অস্ত্র তৈরির সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩৫ জন যাত্রী নিয়ে সিরিয়ার বিমান এ-৩২০ রাজধানী দামেস্কে যাচ্ছিল। পথে দুটি তুর্কি এফ-১৬ জঙ্গি উড়োজাহাজ সিরিয়ার যাত্রীবাহী উড়োজাহাজটি তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে অবতরণে বাধ্য করে। তুরস্কের সন্দেহ, ওই উড়োজাহাজে করে সিরিয়া সরকারের কাছে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সেই অস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ রয়েছে। ১৮০ জন যাত্রী বহনে সক্ষম ওই উড়োজাহাজে মাত্র ৩৫ জন যাত্রী বহন করার কারণে তুরস্কের সন্দেহ বেড়ে যায় বলে ধারণা করা হয়। তবে কয়েক ঘণ্টা আটকে রাখার পর উড়োজাহাজটি ছেড়ে দেওয়া হয়।তুরস্কের আধাসরকারি সংবাদ সংস্থা আনাতোলিয়ানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগ্লু বলেন, তুরস্কের আকাশসীমা দিয়ে সিরিয়ায় কোনোভাবে অস্ত্র ঢুকতে দেওয়া হবে না। তুরস্কের পরিবহন কর্তৃপক্ষ সব ধরনের তুর্কি উড়োজাহাজকে সিরিয়ার আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। সিরিয়ার পক্ষ থেকে পাল্টা জবাব আসতে পারে বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।এদিকে রাশিয়া গতকাল বৃহস্পতিবার তুরস্কের কাছে জোর করে উড়োজাহাজ অবতরণের ব্যাখ্যা দাবি করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্দার লুকাশেভিচ বলেন, ওই উড়োজাহাজে ১৭ জন রাশিয়ার নাগরিক ছিলেন। উড়োজাহাজটিকে অবতরণে বাধ্য করায় যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে। এ ঘটনায় রাশিয়া উদ্বিগ্ন এবং এর ব্যাখ্যা দাবি করছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান লুকাশেভিচ। এদিকে এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর তুরস্ক সফর স্থগিত করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র পূর্বনির্ধারিত এ সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের ওই মুখপাত্র সফর স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। এ সফরের পরবর্তী কোনো তারিখও ঘোষণা করা হয়নি।প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তুরস্ক সফর স্থগিত করা হয়েছে। তবে এ সফর বাতিল করা হয়নি।রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল এক প্রতিবেদনে জানায়, সিরিয়াগামী বিমানটিতে অস্ত্র বা সামরিক সরঞ্জাম বা বেসামরিক যাত্রীবাহী উড়োজাহাজে বহন করা অবৈধ—এমন কোনো কিছু ছিল না। রাশিয়ার অস্ত্র রপ্তানি সংস্থার ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বরাত দিয়ে এসব কথা জানানো হয়েছে।ওই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, যদি সিরিয়ায় অস্ত্র সরবরাহের প্রয়োজন হয়, তা হলে অবৈধভাবে নয়— গতানুগতিকভাবেই পাঠানো হবে। রাশিয়া সিরিয়ার অন্যতম মিত্র বলে পরিচিত। মধ্যপ্রাচের এ দেশটিতে অস্ত্র সরবরাহকারী অন্যতম দেশও রাশিয়া।এ ব্যাপারে সিরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়টি যে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিকে আরও উসকে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। গত সপ্তাহে সিরিয়া সীমান্ত থেকে মর্টারচালিত একটি গোলা তুরস্কে গিয়ে পড়লে অন্তত পাঁচজন নিহত হন। নিউইয়র্ক টাইমস, বিবিসি ও এএফপি।