সিরিয়ার একটি বিমানঘাঁটি দখলের চেষ্টা বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিদ্রোহীরা গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলের একটি বিমানঘাঁটিতে হামলা করে তা দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছে। রাজধানী দামেস্ক ও অন্যতম শহর আলেপ্পোর মাঝামাঝি অবস্থানে থাকা তাফতানাজ নামের এই বিমানঘাঁটি কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। এদিকে সিরিয়ার সরকারবিরোধী প্রধান পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) গত শুক্রবার অভিযোগ করে, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহ দুর্বল করে ফেলার চেষ্টা করছে। অনলাইনে এক ভিডিও ফুটেজে দেখা যায়, সিরিয়ার বিদ্রোহীরা তাফতানাজ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। গতকাল সকালে বিদ্রোহীদের পাঁচটি ইউনিট একযোগে এ হামলা চালায়। ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় তারা রকেট লঞ্চার, মর্টারসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে বলা হয়, হামলায় বিদ্রোহীদের প্রধান সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) ছাড়াও কট্টরপন্থী গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট অংশ নেয়। লেবাননের রাজধানী বৈরুত থেকে বিবিসির সাংবাদিক জিম মুয়ির বলেন, এটি কোনো সাধারণ হামলা নয়। বিদ্রোহীদের এ হামলার লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটির পূর্ণ দখল নিশ্চিত করা। এই হামলা চালানোর এক দিন আগে আলেপ্পোর উত্তর-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ মহাসড়ক দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহীরা।সিরিয়ার প্রধান সরকারবিরোধী পক্ষগুলো কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে যোগ দেওয়ার আগের দিন তাফতানাজ বিমানঘাঁটিতে হামলা চালাল বিদ্রোহীরা। আর এই বৈঠকের দুই দিন আগে শুক্রবার এসএনসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহ দুর্বল করার চেষ্টা করছে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, এসএনসি সিরিয়ার সব বিরোধী পক্ষের প্রতিনিধিত্ব করে না। যুক্তরাষ্ট্রের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে এসএনসি। তারা বলছে, এসএনসিকে পাশ কাটিয়ে বা বাদ দিয়ে এর জায়গায় অন্য কোনো সংগঠন গড়ার চেষ্টা করা হলে তা সিরিয়ার বিদ্রোহকে দুর্বল করবে। একই সঙ্গে সিরিয়ার সরকারবিরোধী পক্ষগুলোর মধ্যে বিভক্তির বীজ বপন করা হবে।যুক্তরাষ্ট্র অবশ্য এসএনসির অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুলান্ড বলেন, এটা ওয়াশিংটনের বিষয় নয়। তবে যুক্তরাষ্ট্র এক বছরেরও বেশি সময় ধরে এসএনসিকে সমর্থন দিয়ে আসছে। কিন্তু এসএনসি সিরিয়ায় তাদের রাজনৈতিক ভিত্তি বিস্তৃত করতে পারেনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত সব পক্ষকে এক করতেও ব্যর্থ হয়েছে এসএনসি। বিবিসি, এএফপি।