সিরিয়ার ওপর আরব লিগের নিষেধাজ্ঞার খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের খসড়া অনুমোদন করেছেন আরব লিগের অর্থমন্ত্রীরা। আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা ভোট দিলেই নিষেধাজ্ঞার বিষয়টি চূড়ান্ত হবে। গতকাল রোববারই তাঁদের ভোটাভুটি হওয়ার কথা। খবর এএফপি ও রয়টার্সের।খসড়ায় সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ, সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ও সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সিরিয়া সফর না করার বিষয়গুলো হয়েছে। মিসরের রাজধানী কায়রোয় গত শনিবার আরব লিগের অর্থমন্ত্রীরা এক বৈঠকে নিষেধাজ্ঞার এই খসড়া অনুমোদন করেন। শনিবারও সিরিয়ায় সহিংসতায় বেসামরিক নাগরিক, সেনাসদস্যসহ অন্তত ৪২ জন নিহত হয়েছে।সিরিয়ায় সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছিল আরব লিগ। কিন্তু প্রেসিডেন্ট বাশার ব্যর্থ হওয়ায় আরব লিগ চলতি মাসের শুরুর দিকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। এর ধারাবাহিকতায় শনিবার আরব লিগের স্যোশাল ও ইকোনমিক কমিটির বৈঠকে নিষেধাজ্ঞার খসড়া অনুমোদন করা হয়। আরব পররাষ্ট্রমন্ত্রীদের দুই-তৃতীয়াংশ ভোটে পাস হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।শনিবার কায়রো বৈঠকে সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে ইরাক ও লেবানন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসেয়ার জেবারি বলেন, সিরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের বিষয়টি সমর্থন করা ইরাকের পক্ষে ‘সম্ভব নয়’। কারণ, ইরাকের সঙ্গে সিরিয়ার বাণিজ্যিক চুক্তি রয়েছে, অনেক ইরাকি শরণার্থী সিরিয়ায় অবস্থান করছে। আর লেবানন সিরিয়ার পক্ষে তার অবস্থানের কথা আগেই স্পষ্ট করছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেন, আরব লিগের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।