সিরিয়ার ওপর ইইউর নতুন অবরোধ
সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন করে অবরোধ আরোপ করেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকারের কয়েকজন মন্ত্রী, কয়েকটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর গতকাল সোমবার এ অবরোধ আরোপ করা হয়। এ ছাড়া সিরিয়ার ওপর অস্ত্রবিষয়ক একটি নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইইউ। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।সিরিয়া সরকারের সম্পদ জব্দ ও দেশটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাজ্যে বিমা করা একটি রাশিয়ান জাহাজ কয়েক দিন আগে প্রত্যাহারের পরপরই সিরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করা হলো। সিরিয়াগামী ওই জাহাজে হেলিকপ্টার পরিবহন করা হচ্ছিল।বিদ্রোহীদের দলে সেনা কর্মকর্তা: সিরিয়ার আরও একজন সেনা কর্মকর্তা (জেনারেল) প্রতিবেশী রাষ্ট্র তুরস্কে পালিয়ে গিয়ে বিদ্রোহী সেনাদলে যোগ দিয়েছেন। তুর্কি সংবাদমাধ্যমে গতকাল এ খবর প্রকাশিত হয়। বাশার আল-আসাদের পতনের দাবিতে আন্দোলন শুরুর পর গত ১৬ মাসে এ পর্যন্ত ১৩ জন জেনারেল তুরস্কে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া দুজন কর্নেল ও প্রায় ৩০ জন সেনাসদস্য সপরিবারে গত রোববার তুরস্কে পালিয়ে গেছেন। তাঁদের তুরস্কের হাতায় প্রদেশের অ্যাপেদিন শিবিরে নিয়ে যাওয়া হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতায়, গাজিয়ানতেপ, সানলিউরফা ও কিলিস প্রদেশে সিরিয়ার অন্তত ৩৩ হাজার শরণার্থী রয়েছে। সিরিয়ায় গত ১৬ মাসে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে বলে পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। হোমস শহরে গোলাবর্ষণ: সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত হোমস শহরে সরকারি বাহিনী গতকাল অনবরত গোলাবর্ষণ করেছে। শহরটিতে নির্বিচারে গণহত্যা চালানো হতে পারে বলে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) সতর্ক করে দিয়েছে। দেশটিতে সরকারবিরোধীদের প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই’ সাহায্যের আবেদন জানিয়েছে। এফএসএ জানায়, সিরিয়ায় চলমান সংঘাতের জন্য আরব ও ইসলামি বিভিন্ন দেশ, বন্ধুত্বপূর্ণ বিভিন্ন দেশ এবং উদ্বিগ্ন আন্তর্জাতিক সংস্থাগুলো দায়ী থাকবে।সুপ্রিম মিলিটারি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, হোমস শহরে রকেট ও ট্যাংক হামলা চালানো হয়েছে। সরকার ওই শহরে আরও ১০০টি ট্যাংক পাঠাচ্ছে। এএফপি।