সিরিয়ার ওপর ইইউর নতুন করে অবরোধ আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে সিরিয়ার বিরুদ্ধে নতুন এই অবরোধ আরোপের সিদ্ধান্ত নেন।ইইউ জোটভুক্ত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর গতকাল একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘সিরিয়া সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হলো।’তবে নতুন করে কোন কোন ক্ষেত্রে অবরোধ আরোপ করা হয়েছে, বিবৃতিতে তার বিস্তারিত উল্লেখ করা হয়নি।একজন ইইউ কূটনৈতিক নিশ্চিত করেন, দুটি প্রতিষ্ঠান ও তিন ব্যক্তির সম্পদ জব্দ এবং ভিসা বাতিলের বিষয়ে ইইউর মন্ত্রীরা সম্মত হয়েছেন। সিরিয়ার ক্ষমতাসীন সরকারকে তাঁরা সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে।এর আগে গত মাসেও ইইউ কর্তৃপক্ষ সিরিয়ার ওপর অবরোধ আরোপ করে। ওই অবরোধের আওতায় ছিলেন প্রেসিডেন্ট আসাদ ও তাঁর স্ত্রী এবং সরকারের অনুগত কয়েকজন ব্যক্তি ও সহায়তাকারী কয়েকটি প্রতিষ্ঠান।ইইউ এ পর্যন্ত সিরিয়ার ক্ষমতাসীন সরকার ও সরকারকে সহয়তাকারী বিভিন্ন পর্যায়ের ১২৬ জন এবং ৪১টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে।২৩ সেনাসহ নিহত ৩২: সিরিয়ার হোমস প্রদেশের আল-রাস্তান শহরে গতকাল সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৩ জন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার সংস্থা হতাহতের এই খবর দিয়েছে।সিরিয়ার সরকারবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, গত রোববার দিবাগত রাতে আল-রাস্তান শহরে সরকারি বাহিনীর গোলাবর্ষণ ও রকেট হামলায় অন্তত নয়জন বিদ্রোহী নিহত ও ৪০ জন আহত হয়। নিহতদের মধ্যে এফসিএ কমান্ডার আহমেদ আইয়ুবও রয়েছেন।