সিরিয়ার কারণে ম্লান হতে পারে জাতিসংঘের অধিবেশন
সিরিয়ায় চলমান লড়াই, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ ও মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়া পশ্চিমাবিরোধী বিক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনকে আচ্ছন্ন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাল মঙ্গলবার নিউইয়র্কে এই অধিবেশন শুরু হবে।বার্ষিক এই অধিবেশনে যোগ দিচ্ছেন ১২০টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দেওয়ার পর পাল্টাপাল্টি সতর্কবার্তা ও প্রকাশ্য বিরোধিতায় অধিবেশন উত্তপ্ত হয়ে উঠবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।১৮ মাস ধরে চলা সিরিয়ার রক্তাক্ত লড়াই নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি অধিবেশন উত্তপ্ত হওয়ার পেছনে বড় ভূমিকা রাখতে পারে। তবে, দেশটির এ গৃহযুদ্ধের ওপর জাতিসংঘে এ মুহূর্তে কোনো আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে না। কিন্তু প্রেসিডেন্ট ওবামা ও অন্য পশ্চিমা নেতারা তাঁদের ভাষণে সিরিয়া নিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে পারেন।জাতিসংঘ মহাসচিব বান কি মুন কাল সকালে অধিবেশন উদ্বোধন করবেন। এর পরপরই যে কয়জন নেতা প্রথম দফার বক্তা হিসেবে ভাষণ দিতে দাঁড়াবেন, প্রেসিডেন্ট ওবামা তাঁদের একজন।বিশ্লেষকেরা বলেন, অধিবেশনের বাইরে অনুষ্ঠেয় বিভিন্ন বৈঠকেও সিরিয়া বিষয়ে বিশ্বনেতাদের ওপর চাপ আসতে পারে।সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে তাঁর আলোচনার ফলাফল নিয়ে আজ সোমবার নিরাপত্তা পরিষদে বক্তব্য তুলে ধরবেন। বুধবার আরব লিগের সমন্বয়ে অনুষ্ঠেয় নিরাপত্তা পরিষদের মন্ত্রিপর্যায়ের বৈঠকেও সিরিয়া বিষয় প্রাধান্য পাবে। ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার জন্য একটি মানবিক সহায়তা তহবিল গঠনে নতুন আহ্বান জানানোর প্রস্তুতি নিচ্ছে। তা ছাড়া, সিরিয়ার বন্ধুপ্রতিম দেশগুলোর জোট ফ্রেন্ডস অব সিরিয়ার মন্ত্রিপর্যায়ের অপর এক বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা।সিরিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, সাধারণ পরিষদের এই অধিবেশন ঘিরে রাতারাতি তার উপশমের কোনো লক্ষণ নেই বলে মত বিশেষজ্ঞদের। সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে তিন দফা ভেটো প্রদানকারী দেশ রাশিয়া কিংবা চীনের কোনো জ্যেষ্ঠ নেতাই সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কূটনীতিক হতাশা প্রকাশ করে বলেন, ‘অধিবেশনে সিরিয়া নিয়ে প্রত্যেকেই চিন্তাভাবনা করবেন, ভালো ভালো বক্তব্য দেবেন, কিন্তু এতে কোনো সিদ্ধান্ত আসবে না এবং দেখা মিলবে না কোনো অগ্রগতিরও।’এদিকে, ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ অধিবেশনে বুধবার ভাষণ দেবেন। ভাষণে ইসরায়েল নিয়ে উত্তেজনাকর মন্তব্য করলে এ সময় অধিবেশনকক্ষ থেকে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর প্রতিনিধিদের আবারও বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এএফপি।