সিরিয়ার ক্ষমতায় থাকতে ঐক্যবদ্ধ আসাদ পরিবার
সরকারবিরোধী বিক্ষোভের কারণে বেশ চাপের মধ্যে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পরও তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতায় টিকে থাকতে ঐক্যবদ্ধ আছেন।সিরিয়ায় ছয় মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। তবে ক্ষমতা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি বাশার। বরং বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে ব্যবহার করা হয়েছে। প্রেসিডেন্ট বাশারের পরিবারই সিরিয়ার সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে।রাজনীতিসহ সিরিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন প্যাট্রিক সিল। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের জীবনী নিয়ে আসাদ: দ্য স্ট্রাগল ফর দ্য মিডল ইস্ট বইটি লিখেছেন তিনি। প্যাট্রিক সিল বলেন, ‘কোনো সন্দেহ নেই, এ মুহূর্তে আসাদ পরিবার দারুণ চাপের মধ্যে রয়েছে। তার পরও পরিবারটি এখনো ঐক্যবদ্ধ।’প্যাট্রিক বলেন, ‘যত দিন এই পরিবার ও দেশটির সেনাবাহিনী বা নিরাপত্তা সংস্থা ঐক্যবদ্ধ থাকবে, তত দিন প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরানো কঠিন।’ সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ আল জুবির উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন লন্ডনে বসবাসরত সাংবাদিক বাসাম জারা। তিনি বলেন, ‘আসাদ সরকার এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে এখন পর্যন্ত ফাটল ধরেনি।’তিউনিসিয়া ও মিসরে সফল গণ-অভ্যুত্থানে উদ্বুদ্ধ সিরিয়ার জনগণ গত মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু করে। প্রেসিডেন্ট আসাদও কঠোরভাবে তা মোকাবিলা শুরু করেন। প্রেসিডেন্টের নির্দেশে দেশটির নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত দুই হাজার ৭০০ মানুষ প্রাণ হারিয়েছে।তিউনিসিয়া ও মিসরের গণ-অভ্যুত্থানের সঙ্গে সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভের পার্থক্য হলো, ওই দেশ দুটির সেনাবাহিনী জনগণের দাবির সঙ্গে এক হয়েছিল। কিন্তু সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরুর ছয় মাস হলেও সেনাবাহিনী এখনো প্রেসিডেন্ট আসাদের অনুগত রয়েছে। এর কারণও রয়েছে। সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্বে আছেন প্রেসিডেন্ট আসাদের শ্যালক আসেফ শওকত। সেনাবাহিনীর এলিট ফোর্স ফোর্থ ডিভিশনের প্রধান প্রেসিডেন্টের ভাই মাহের। এই ফোর্থ ডিভিশনই সিরিয়াবাসীর সবচেয়ে আতঙ্কের কারণ। সরকারবিরোধী বিক্ষোভের শুরুর দিকে এই এলিট ফোর্স কঠোর অভিযান চালায়।সিরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদেল হালিম খাদ্দাম বলেন, মাহের তাঁর ভাই প্রেসিডেন্ট আসাদের একনিষ্ঠ অনুসারী। ভাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেন।প্রেসিডেন্ট বাশারের জ্ঞাতি ভাই রামি মাখলুখ। সিরিয়ার অন্যতম ব্যবসায়ী মাখলুখ দেশটির অর্থনীতির ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করেন বলে ধারণা করা হয়। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমরা একসঙ্গে থাকব বা একসঙ্গে ধ্বংস হব।’ মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে টমেটো: সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে লক্ষ্য করে টমেটো ছুড়েছে প্রেসিডেন্ট আসাদের সমর্থকেরা। রাজধানী দামেস্কে সরকারবিরোধী নেতা আরব সোশ্যালিস্ট ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নেতা হাসান আবদুল আজিমের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রবার্ট ফোর্ড এই পরিস্থিতিতে পড়েন। এএফপি ও বিবিসি অনলাইন।