সিরিয়ার গোলন্দাজ ইউনিটে ইসরায়েলি ট্যাংকের গোলা
ইসরায়েলের সেনাবাহিনী গতকাল সোমবার জানিয়েছে, সিরিয়ার সামরিক বাহিনীর একটি গোলন্দাজ ইউনিটে তাদের ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের একটি সামরিক চৌকির কাছে সিরিয়া মর্টারের গোলা ছোড়ার পর তারা ওই হামলা চালিয়েছে।এর আগের দিন ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকায় একটি সামরিক চৌকিতে সিরিয়ার মর্টার হামলার পর ইসরায়েল সতর্কতামূলক গোলাবর্ষণ করেছিল। ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর দুই দেশের মধ্যে এটাই সবচেয়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনা। ১৯৬৭ সালে আরব যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান উপত্যকা দখল করে নিয়েছিল ইসরায়েল।সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতময় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হওয়ায় এ সংঘাত প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে জেরুজালেম থেকে বিবিসির সাংবাদিক ওয়াইরি ডেভিস জানান, দুই দেশের মধ্যে গোলা বিনিময়ের ঘটনার অর্থ এই নয় যে সিরিয়ার গৃহযুদ্ধে ইসরায়েল জড়িত হয়ে পড়ছে। তবে এর মাধ্যমে ইসরায়েলের দিক থেকে সিরিয়াকে এ বার্তা দেওয়া হলো যে ইসরায়েল তাদের নিজেদের ভূখণ্ডে কোনো ধরনের মর্টার হামলা বা গোলাবর্ষণের ঘটনা সহ্য করবে না। এএফপি।