সিরিয়ার জন্য ৬৫০ কোটি ডলারের সাহায্যের আবেদন জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সিরিয়ায় এযাবত্কালের সবচেয়ে বেশি ৬৫০ কোটি ডলারের মানবিক সাহায্যের জন্য আবেদনের কথা ঘোষণা করেছে।

জাতিসংঘের হিসাবমতে, ২০১৪ সালে সিরিয়ার দুই কোটি ২৪ লাখ মানুষের প্রায় তিন-চতুর্থাংশেরই মানবিক সাহায্য দরকার হবে।

সিরিয়ায় মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকির মুখে—আন্তর্জাতিক উদ্ধার কমিটি এমন নতুন একটি গবেষণা প্রতিবেদনে সতর্কবার্তা দেওয়ার পরপরই জাতিসংঘ এ আবেদন জানাল। প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ায় কয়েকটি এলাকায় রুটির দাম ৫০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রতি পাঁচজনের মধ্যে চারজন সিরীয় নাগরিক জানিয়েছে, খাবার ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় গভীর উদ্বিগ্ন তাঁরা।

এ পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক সাহায্যবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস এবং জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার অ্যান্টনিও গুটারেস সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল এ আবেদন জানান।

বোমায় নিহত ৭৬: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে গত রোববার বোমাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২৮ শিশু ও দুজন নারী। গতকাল এ কথা জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে বিদ্রোহী কোনো যোদ্ধা আছে কি না, তা জানায়নি সংগঠনটি। বিবিসি, এএফপি।