সিরিয়ার দূতাবাস সাময়িক বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটনে সিরিয়ার দূতাবাসের কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কনসুলেটের কাজও স্থগিত করা হয়েছে। আজ বুধবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারী যাঁরা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন, তাঁদের যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, মঙ্গলবারের এই স্থগিতাদেশের অর্থ হলো যুক্তরাষ্ট্রে সিরীয় দূতাবাসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা থাকবে না। কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের ৩১ মার্চের মধ্যে এবং প্রশাসনিক কর্মকর্তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে।

সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিযুক্ত বিশেষ কূটনীতিক দানিয়েল রুবিনস্টেইন বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে সিরিয়াবাসীর বিরুদ্ধে এই নৃশংসতার জন্য তিনিই দায়ী।

যুক্তরাষ্ট্রের সিরিয়াবিষয়ক বিশেষ দূত ডানিয়েল রুবিনস্টেইন গত সোমবার এক ঘোষণায় বলেন, ‘সিরীয় সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রে কোনো কূটনৈতিক বা কনস্যুলার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।’