সিরিয়ার প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াকে তাদের নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র অপসারণের জন্য দ্রুত উদ্যোগী হতে আহ্বান জানিয়েছে ওপিসিডব্লিউ। রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ ও নির্মূলে কাজ করা আন্তর্জাতিক সংস্থাটি ইতিমধ্যে সেখানে প্রয়োজনীয় কারিগরি উপকরণ পাঠিয়েছে। ওপিসিডব্লিউ সিরিয়া থেকে ৩১ ডিসেম্বরের মধ্যেই সবচেয়ে মারাত্মক রাসায়নিক অস্ত্র ও উপাদানগুলো সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল।
নরওয়ের একটি বিশেষ যুদ্ধজাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে গিয়ে বিধ্বংসী রাসায়নিক অস্ত্রগুলো সংগ্রহ করতে রওনা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এ কাজে কিছুটা দেরি হয়ে গেছে।
হেগভিত্তিক সংস্থা ওপিসিডব্লিউ সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে আনার ঝুঁকি কমিয়ে আনতে কারিগরি সহায়তা করছে।
সম্ভাব্য মার্কিন হামলা এড়াতে সিরিয়া সরকার তাদের রাসায়নিক অস্ত্রভান্ডার পরিত্যাগ করতে রাজি হয়েছে। গত আগস্টে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে সারিন গ্যাসের আক্রমণ চালানোর অভিযোগ ওঠে। এতে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠিত চুক্তির আওতায় সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্র পরিত্যাগে সম্মত হয়। চুক্তি অনুযায়ী এ কার্যক্রম ২০১৪ সালের প্রথমার্ধের মধ্যেই সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে প্রথমে ইতালিতে নেওয়া হবে। সেখান থেকে মার্কিন নৌবাহিনীর জাহাজে করে অস্ত্রগুলো আন্তর্জাতিক জলসীমায় নিয়ে টাইটানিয়ামের তৈরি একটি বিশেষ ট্যাংকে রেখে ধ্বংস করা হবে।
ওপিসিডব্লিউর আহমেত উমজুকু বলেন, সিরিয়া থেকে অস্ত্র অপসারণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত রয়েছে। জাতিসংঘ, রাশিয়া ও অন্যান্য দেশ এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়েছে। মস্কোয় দুই দিনের একটি বৈঠক শেষে ওই দেশগুলোর প্রতিনিধিরা সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্রবাহী জাহাজ পরিদর্শনে যাবেন। সিরিয়ার কর্তৃপক্ষকে এখন ১২টি অস্ত্রাগার থেকে লাতাকিয়া উপকূলে নিরাপদে এসব অস্ত্র পরিবহনের জন্য সম্ভাব্য সব ধরনের বিষয় বিবেচনা করতে হবে। বিবিসি।