প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরব লিগের চলতি সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিত্ব করছে দেশটির সরকারবিরোধী জোট (ন্যাশনাল কোয়ালিশন)। কাতারের রাজধানী দোহায় দুই দিনের এ সম্মেলন গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। এতে মোট ২২টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে সিরিয়ার জাতীয় পতাকার পরিবর্তে বিদ্রোহীদের পতাকা ব্যবহার করা হচ্ছে। ন্যাশনাল কোয়ালিশনের প্রধানের পদ থেকে আহমেদ মোয়াজ আল-খাতিব গত রোববার সরে দাঁড়িয়েছেন। এতে আরব লিগের চলতি সম্মেলনে ন্যাশনাল কোয়ালিশনের প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনিই সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সম্মেলনে বক্তব্য দেবেন বলেও জানানো হয়েছে। সম্মেলনে আরও যোগ দিয়েছেন সিরিয়ার নবনির্বাচিত প্রথম অন্তর্বর্তীকালীন বিদ্রোহী প্রধানমন্ত্রী ঘাসান হিত্তো। এএফপি ও বিবিসি।