সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের বৈঠক
সিরিয়ার সরকারবিরোধী বিভিন্ন পক্ষের ঐক্যবদ্ধ নেতারা যুক্তরাজ্যের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শুক্রবার লন্ডনে এ বৈঠক হয়। সিরিয়ার বিরোধী জোটকে অস্ত্র সরবরাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমর্থনের জন্য যুক্তরাজ্যের প্রতি অনুরোধ জানান জোটের নেতা আহমেদ মোয়াজ আল-খতিব।সিরিয়ার বিরোধী জোটের নেতাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে উইলিয়াম হেগ বলেন, সরকারবিরোধী ঐক্য গঠনের ব্যাপারটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। এ জোটকে সিরিয়ার জনসাধারণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কি না, যুক্তরাজ্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সিরিয়ায় সাধারণ মানুষের জীবন রক্ষার্থে যুক্তরাজ্য কী সহায়তা করতে পারে, তা ভেবে দেখা হচ্ছে। ইইউর অস্ত্র-নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। তবে যুক্তরাজ্য এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। ইইউর অন্য সদস্যদেশগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনার প্রয়োজন রয়েছে। এ মুহূর্তে বিরোধীদের নতুন জোট কী কী পরিকল্পনা নিয়েছে, বিভিন্ন দায়িত্বে কাদের নিযুক্ত করা হবে, কুর্দিদের অন্তর্ভুক্ত করা হবে কি না এবং সিরিয়ায় তাঁদের প্রতি কতটুকু জনসমর্থন রয়েছে ইত্যাদি বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন। সিরিয়ার বিরোধী জোটকে ইতিমধ্যে সমর্থন দিয়েছে ফ্রান্স, তুরস্ক ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। ইইউর সদস্যদেশগুলোর মধ্যে জার্মানি, স্পেন, ইতালি ও পোল্যান্ড ওই জোটকে স্বাগত জানালেও তাকে সিরিয়ার জনগণের প্রতিনিধি বলে স্বীকৃতি দিতে রাজি হয়নি। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে প্যারিসে আজ শনিবার বৈঠক করবেন আল-খতিব ও তাঁর সঙ্গী নেতারা। সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে বর্তমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে গত বৃহস্পতিবার প্রকাশ্যে বক্তব্য দিয়েছে ফ্রান্স।আল-খতিব যখন লন্ডনে গতকাল বৈঠক করছিলেন, তখন সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীরা দামেস্কের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় লড়াই করছিলেন। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সেনাবাহিনী দামেস্কের আশপাশের এলাকায় গতকাল ভোরের আগে ব্যাপক বোমাবর্ষণ করে। এ ছাড়া আলেপ্পো শহরসহ আশপাশের এলাকায় সারা রাত লড়াই ও গোলাগুলি হয়েছে। সিরিয়াজুড়ে গত বৃহস্পতিবার সংঘটিত লড়াইয়ে ৫০ জন বেসামরিক ব্যক্তি, ৩৯ জন বিদ্রোহী ও সরকারপন্থী ৩২ জনসহ মোট ১২১ জন নিহত হয়। দেশটিতে ২০ মাসব্যাপী চলমান সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৩৯ হাজার মানুষ মারা গেছে। এএফপি।