সিরিয়ার বিদ্রোহীদের অবরোধ ভেঙে দিয়েছে আসাদ বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি সেনারা ছয় মাস ধরে বিদ্রোহীদের গড়ে তোলা অবরোধ ভেঙে দিয়েছেন। এখন একটি মহাসড়ক থেকে বিদ্রোহীদের হটানোর জন্য সেনারা লড়াই করছেন। গতকাল সোমবার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।সরকারপন্থীআল-বাথ পত্রিকা জানায়, প্রায় ছয় মাস ধরে সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওয়াদি আর-দেইফ ও হামিদিয়া সামরিক ঘাঁটিতে সেনাদের অবরুদ্ধ করে রেখেছিল বিদ্রোহীরা। কিন্তু গত রোববার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে।মানবাধিকারকর্মীরা জানান, সরকারি বাহিনীর বিরুদ্ধে গতকাল সোমবার বিদ্রোহীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। তবে তাদের প্রতিরোধ ছিল খুবই দুর্বল। কারণ, কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীদের মধ্যে অন্তর্বিরোধ দেখা দিয়েছে। তা ছাড়া বিদ্রোহী বাহিনীর সদস্যদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও মোতায়েন করায় ইদলিবে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়েছে।মানারাত আল-নুয়ামান নগরের বাইরে সামরিক বাহিনীর ওই দুটি ঘাঁটি অবস্থিত। সেনারা ঘাঁটি দুটিকে অবরোধমুক্ত করার পর আলেপ্পো যাওয়ার মূল সড়কটির নিয়ন্ত্রণ দখলের জন্য লড়াই শুরু করেছেন। সড়কটি বিদ্রোহীদের দখলে থাকায় এত দিন ওই সামরিক ঘাঁটিগুলোতে রসদ সরবরাহ করতে পারেনি সরকার। সড়কটি দখল করতে পারলে ঘাঁটিগুলোতে রসদ পাঠানোর সরকারি কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে।দুই বছরের বেশি সময় ধরে সিরিয়ায় বিদ্রোহ চলছে। সরকারি বাহিনী দেশটির প্রধান প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছে। ইতিমধ্যে অনেক প্রত্যন্ত গ্রাম ও প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে গেছে। তবে গুরুত্বপূর্ণ আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে ভয়ংকর লড়াই চলছে, যা শহরটিতে অচলাবস্থার সৃষ্টি করেছে।বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের দিকে অগ্রসর হয়েছে। তবে সরকারি বাহিনী মধ্য দামেস্ক থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে এবং হোমস শহরের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে নিয়েছে। রয়টার্স।