সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহী যোদ্ধাদের প্রশিক্ষণ ও প্রথমবারের মতো সশস্ত্র গ্রুপগুলোকে ‘প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম’ দেওয়ার চিন্তা চলছে। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা গত বুধবার এ কথা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইতালির রোমে সিরিয়ার বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দিতে পারেন।সিরীয় সংঘাত নিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেও যুক্তরাষ্ট্র এই সংঘাতে এখনো প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়নি। তবে এই প্রশিক্ষণ মিশনের মধ্য দিয়ে দেশটি তাতে সরাসরি সম্পৃক্ত হতে যাচ্ছে। ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে এই মিশন পরিচালনা করা হবে বলে জানা গেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার রোমে সিরিয়ার বিরোধী নেতা মোয়াজ আল খতিবের সঙ্গে বৈঠক করেন। পরে সেখানে তাঁর ফ্রেন্ডস অব সিরিয়া গ্রুপের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধি ও সিরিয়ার বিরোধী শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা। বৈঠকে কেরি সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তায় প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম প্রদান করার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া তিনি বিদ্রোহীদের সরাসরি অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও উত্থাপন করতে পারেন। অবশ্য, দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এসব সহায়তা দেওয়ার আগে হোয়াইট হাউসকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করিয়ে নিতে হবে।রোমে পৌঁছানোর আগে ফ্রান্সের প্যারিসে সফরকালে গত বুধবার কেরি স্পষ্ট করে বলেন, সিরীয় বিদ্রোহীদের অতিরিক্ত সহায়তা দরকার। এ জন্য সহায়তা দিতে ওয়াশিংটন ও তার মিত্ররা প্রস্তুত রয়েছে।প্রাণঘাতী নয়—এমন যেসব সরঞ্জাম সহায়তা হিসেবে বিদ্রোহীদের দেওয়া হতে পারে তার মধ্যে থাকতে পারে যানবাহন, যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি ও নাইট ভিশন যন্ত্রপাতি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এ পর্যন্ত ঘোষণা দিয়ে আসছে, তারা সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দেবে না। দেশটির প্রধান একটি লক্ষ্য হচ্ছে, সিরিয়ার বেসামরিক লোকজনকে প্রথাগত সরকারি সহায়তাদানের মাধ্যমে তাদের মধ্যে বিরোধীদের গ্রহণযোগ্যতা তৈরি করা।দুই বছর আগে সিরীয় সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে ৩৬৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বড় উদ্বেগ হচ্ছে, সিরিয়ায় আল- নুসরা ফ্রন্টের মতো চরমপন্থী গোষ্ঠীর উত্থান। গ্রুপটির সঙ্গে আল-কায়দার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয়। তাঁদের আশঙ্কা, গ্রুপটি সিরিয়ার অংশবিশেষের নিয়ন্ত্রণ নিয়ে জনসেবা দেওয়ার মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, যেমনটি হিজবুল্লাহ করেছিল লেবাননে। তাই যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরোধী নেতাদের জোট সিরিয়ান অপজিশন কাউন্সিলকে সহায়তা দিয়ে সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে।ইস্তাম্বুলে বৈঠক: এদিকে তুরস্কের ইস্তাম্বুলে কাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার প্রধান বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে সিরিয়ায় সরকারি বাহিনীর কাছ থেকে দখলে নেওয়া এলাকাগুলো পরিচালনায় একজন প্রধানমন্ত্রী ও একটি সরকার গঠন করা হবে।এ ছাড়া আগামী সোমবার ইস্তাম্বুলে পশ্চিমা ও আরব দেশগুলোর কর্মকর্তারা সিরিয়ার বিরোধীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি আলোচনা হতে পারে। নিউ ইয়র্ক টাইমস, এএফপি, রয়টার্স ও বিবিসি।